ছবি: ।
প্রায় ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে প্রস্তুতি শুরু হয়েছে। ঢাকার গুলশানে তাঁর জন্য বাড়ি প্রস্তুত করা হচ্ছে। একতলা বাড়িটিতে ধবধবে সাদা রঙের চুনকাম করা হয়েছে।
বিএনপির লন্ডন শাখা সূত্র জানায়, তারেক রহমান বাংলাদেশ বিমানের একটি যাত্রীবাহী ফ্লাইটে দেশে ফিরবেন। শিডিউল অনুযায়ী বিমানটি প্রথমে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। তাঁর সঙ্গে থাকবেন কন্যা জাইমা জারনাজ রহমান।
গত শনিবার রাজধানীর গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাড়ির সামনে দুটি গেট, সেখানে স্টিলের ব্যারিকেড বসানো হয়েছে। সড়কের ওপর স্থাপন করা হয়েছে তিনটি নিরাপত্তা বক্স। বাড়ির প্রাচীর ও ভেতরের কক্ষগুলো সাদা রঙে রাঙানো হয়েছে।
বাড়ির নিরাপত্তায় কয়েকজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে নিরাপত্তা তদারকি করছে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)।
গুলশান-২ গোলচত্বর থেকে উত্তরে গুলশান এভিনিউ সড়কে অবস্থিত বাড়িটির সামনে রয়েছে তিনটি বহুতল ভবন। আশপাশে আরও একতলা স্থাপনা ও বহুতল ভবনের নির্মাণকাজ চলছে। বাড়ির দক্ষিণ পাশে ৭৯ নম্বর সড়কেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাড়া বাসা ‘ফিরোজা’। দুই বাসভবনই নিরাপত্তার চাদরে ঢাকা। দেয়ালের ওপর বসানো হয়েছে কাঁটাতারের বেড়া।
প্রশাসনের পক্ষ থেকে তারেক রহমানের সম্ভাব্য বাসভবনের সামনে তিনটি পুলিশ বক্স স্থাপন করা হচ্ছে। বেগম খালেদা জিয়ার বাসার সামনে আগে থেকেই চারটি পুলিশ বক্স রয়েছে।
দেড় বিঘা আয়তনের বাড়িটি বেগম খালেদা জিয়ার নামে বরাদ্দ। প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পর তৎকালীন সরকার এই জায়গাটি তাঁর নামে বরাদ্দ দেয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান সরকারের পক্ষ থেকে নামজারির কাগজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
বাড়িতে তিনটি বেডরুম, ড্রয়িং, ডাইনিং ও লিভিং রুম রয়েছে। ফাঁকা জায়গায় কিছু গাছও আছে। নিরাপত্তাকর্মীরা জানান, ভেতরে সংস্কারকাজ চলছে। নতুন দরজা-জানালা লাগানো হলেও এখনো কোনো আসবাব আনা হয়নি।
জানা গেছে, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকেই দলীয় কার্যক্রম পরিচালনা করবেন তারেক রহমান। ভবনটির দ্বিতীয় তলায় একটি কক্ষ প্রস্তুত করা হয়েছে। আগে যেখানে বসতেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেই কক্ষটি নিচতলায় সরিয়ে নেওয়া হয়েছে। কার্যালয়ের প্রধান গেটে রিমোট কন্ট্রোল দরজা ও পকেট গেট বসানো হয়েছে।
এ ছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও তারেক রহমানের জন্য একটি কক্ষ প্রস্তুত করা হয়েছে।
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য বিশেষ ডিজাইনের বুলেটপ্রুফ গাড়ি আনা হয়েছে। সিএসএফ সদস্য সংখ্যা ১০ জন থেকে বাড়িয়ে ২৫ জনের বেশি করা হয়েছে।
নিরাপত্তা প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, সিএসএফ সাধারণ নিরাপত্তা দিতে পারলেও মুভমেন্টের সময় এসএসএফ সবচেয়ে দক্ষ ও উপযুক্ত।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু বলেন, তারেক রহমানের আগমনে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। তিনি সামনে থেকে নেতৃত্ব দেবেন।
তারেক রহমানের দেশে ফেরা স্মরণীয় করতে সোমবার সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগরের দায়িত্বশীল নেতাদের নিয়ে বৈঠক ডেকেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, তারেক রহমান এখন আর শুধু বিএনপির নেতা নন, তিনি সারা দেশের গণমানুষের নেতা।
শুভ প্রতিদিন/এমকে