প্রকাশিত

২২/১২/২০২৫ ১০:৫৫:৫৮ পূর্বাহ্ন

সিলেট জুড়ে

সিলেট সীমান্তে ১০ মাসের ৬ জনের প্রাণহানি

প্রকাশিত: ২২/১২/২০২৫ ১০:৫৫:৫৮ পূর্বাহ্ন

ছবি: ।

সিলেট সীমান্তে গত ১০ মাসে পৃথক ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও খাসিয়াদের গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন বাংলাদেশি। সীমান্তবর্তী উপজেলাগুলোতে একের পর এক গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার ও নিহতের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, সর্বশেষ গত শুক্রবার (১৯ ডিসেম্বর) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পৃথক দুই এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হন। নিহতরা হলেন-চড়ারবাজার পূর্ব তুরং গ্রামের মো. আশিকুর রহমান (২২) এবং চড়ারবাজার বরম সিদ্ধিপুর গ্রামের মো. ইয়াকুব উদ্দিন (৩০)।
এর আগে গত ২৩ নভেম্বর কানাইঘাট উপজেলার বাংলাটিলা সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত হন জামাল উদ্দিন (৪৫)। একই উপজেলার দনা সীমান্তে গত ২৬ অক্টোবর খাসিয়াদের গুলিতে প্রাণ হারান পাতিছড়া গ্রামের আবদুর রউফের ছেলে শাকিল আহমদ (২৫)।
গত ৩০ আগস্ট কানাইঘাট উপজেলার ডড় চতুল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন মৃত খলিল মিয়ার ছেলে আব্দুর রহমান (২৮)। এছাড়া চলতি বছরের ৭ মার্চ সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি এলাকার ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় মশাহিদ আলীর ছেলে শাহেদ আহমদ (২৫)-এর মরদেহ।
মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ ও ভারতীয়দের গুলিতে মোট ২০ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে সিলেট সীমান্তেই ঘটেছে ৪টি প্রাণহানির ঘটনা, যা সীমান্ত এলাকার ঝুঁকিপূর্ণ পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে।
সিলেট জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট জাকের হোসেন বলেন, সীমান্ত হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়-যে দেশই করুক না কেন। এটি সরাসরি মানবাধিকার লঙ্ঘন। তিনি বলেন, সীমান্তবর্তী এলাকার মানুষের সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত বিএসএফ-বিজিবি বৈঠক জোরদার করতে হবে। এতে করে সীমান্তে প্রাণহানি অনেকটাই কমানো সম্ভব।
এ বিষয়ে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, সিলেট সীমান্তে যেসব ঘটনায় বাংলাদেশিরা নিহত হয়েছেন, তার অধিকাংশই খাসিয়াদের গুলিতে ঘটেছে। এসব ঘটনায় বিএসএফকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে।
তিনি বলেন, যদিও ঘটনাগুলো সরাসরি বিএসএফের দ্বারা সংঘটিত নয়, তবুও ভারতের সীমান্ত এলাকায় বসবাসকারী নাগরিকদের সচেতন করার বিষয়ে বিএসএফকে বারবার অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের সীমান্ত এলাকায় বসবাসকারীদের জন্যও নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি চালানো হচ্ছে, যাতে তারা দু’দেশের সীমান্ত আইন মেনে চলেন।
বিজিবি অধিনায়ক আরও বলেন, অনেক সময় বাংলাদেশিরা ভুল করে বা ইচ্ছাকৃতভাবে ভারতের ভেতরে প্রবেশ করে পড়েন। এই ভুলের মাশুল অনেক সময় জীবন দিয়ে দিতে হয়। এছাড়া সীমান্ত এলাকায় চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়ার প্রবণতাও প্রাণহানির ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।


শুভ প্রতিদিন/এমকে