চিকিৎসক সংকট ও সরঞ্জাম হীনতায় ধুঁকছে চারখাই উপস্বাস্থ্য কেন্দ্র
প্রকাশিত: ০১/০১/২০২৬ ১২:১৭:০০ অপরাহ্ন
ছবি: বিয়ানীবাজার উপজেলার চারখাই উপস্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।
চিকিৎসক সংকট, চিকিৎসা সরঞ্জামের অভাবসহ নানা জটিলতায় ব্যাহত হচ্ছে সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই উপস্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চিকিৎসা সেবা। দীর্ঘদিন ধরে এ কেন্দ্রটিতে চিকিৎসক নিয়োগসহ কমপক্ষে ২৫ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। তবে এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
জানা যায়, চিকিৎসক ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাবে চারখাই ও আশপাশের এলাকার মানুষকে প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিয়ানীবাজার, জকিগঞ্জ, কানাইঘাট ও গোলাপগঞ্জ এই চার উপজেলার মধ্যবর্তী এলাকায় কেন্দ্রটির অবস্থান হওয়ায় আশপাশের লক্ষাধিক মানুষের একমাত্র ভরসা এই উপস্বাস্থ্য কেন্দ্র। কিন্তু প্রয়োজনীয় জনবল ও সুযোগ-সুবিধা না থাকায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা। এ নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিষয়টি অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে জরুরি চিকিৎসা প্রয়োজন হলে রোগীদের বাধ্য হয়ে সিলেট শহরে আসতে হয়
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে প্রায় ২০০ থেকে ২৫০ জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। তবে প্রয়োজনীয় ওষুধ, জীবনরক্ষাকারী সরঞ্জাম এবং পর্যাপ্ত জনবল না থাকায় অনেক ক্ষেত্রেই রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় গত অক্টোবর মাসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে চারখাই উপস্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটিকে আধুনিক সরঞ্জামসহ কমপক্ষে ২৫ শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতালে রূপান্তরের দাবিতে আবেদন করেন চারখাই থানা বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক অহিদ আহমদ তালুকদার।
আবেদনে উল্লেখ করা হয়, স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট মেডিক্যাল অফিসার ও এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন সময়ে একাধিকবার আবেদন-নিবেদন করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, হাসপাতালটিকে জরুরি বিভাগসহ শয্যাবিশিষ্ট প্রতিষ্ঠানে রূপান্তরের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৯৯৫ সালের ৫ আগস্ট স্মারক নং-৫৬৮ এবং তৎকালীন জেলা প্রশাসক মো. আবু তাহের খান একই বছরের ১২ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর সুপারিশ করেন। এছাড়া, সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেন মহান জাতীয় সংসদে ৭১ বিধিতে একাধিকবার জনগুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করেন। তবুও অদ্যাবধি কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা ডা. মো. নাসির উদ্দিন বলেন, আবেদন প্রাপ্তির ভিত্তিতে গত ১২ অক্টোবর আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর বিষয়টি পাঠিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুভ প্রতিদিন/এমকে