সিলেটের আসনে বিএনপি প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ
বার্ষিক আয়ে শীর্ষে ফয়সল, ঋণ ও সম্পদে এগিয়ে খন্দকার মুক্তাদীর
প্রকাশিত: ০৪/০১/২০২৬ ১২:৩২:০০ অপরাহ্ন
ছবি: শুভ প্রতিদিন।
সিলেটের ছয়টি সংসদীয় আসনের মধ্যে ৫টি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। বাকি এক আসনে তাদের সমর্থিত প্রার্থী দেওয়া হয়েছে। সব প্রার্থীর মধ্যে আয় ও সম্পদের দিক থেকে এগিয়ে আছেন সিলেট-৬ আসনের প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী, আর সবচেয়ে বেশি ঋণ ও সম্পদের মালিক সিলেট–১ আসনের প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীর-যার নামে প্রায় ৮৭৩ কোটি টাকার ঋণ ও সম্পদ রয়েছে ৩৪ কোটি টাকার ওপরে। অন্যদিকে মামলার সংখ্যায় শীর্ষে রয়েছেন সিলেট-৪ আসনের প্রার্থী আরিফুল হক চৌধুরী, যার বিরুদ্ধে বর্তমানে ৯টি মামলা চলমান। আবার সম্পদের দিক থেকে সবচেয়ে পিছিয়ে সিলেট-৫ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী উবায়দুল্লাহ ফারুক, যার মোট সম্পত্তির পরিমাণ ৩০ লাখ টাকারও কম। প্রার্থীদের দাখিল করা হলফনামা বিশ্লেষণ করা এসব তথ্য পাওয়া যায়।
হলফনামায় দেখা যায়, সিলেট-১ আসনে বিএনপি প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীর শিক্ষাগত যোগ্যতা এমএসএস। তাঁর বিরুদ্ধে বর্তমানে ১টি মামলা চলমান ও নিষ্পত্তি হয়েছে ৬টি মামলা। পেশায় তিনি ব্যবসায়ী। হলফনামা অনুযায়ী বার্ষিক আয় ৩৯ লাখ ২১ হাজার ৯২২ টাকা ও তাঁর স্ত্রীর আয় ১২ লাখ ৫৮ হাজার ৮১৫ টাকা। অস্থাবর সম্পত্তিতে রয়েছে ১৫ কোটি ৭২ লাখ ৭ হাজার ৭৮৯ টাকা, স্ত্রীর নামে রয়েছে ৮ কোটি ৩৪ লাখ ২১ হাজার ১০৫ টাকা। স্থাবর সম্পত্তিতে রয়েছে ১৮ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৯৪১ টাকা ও স্ত্রীর নামে রয়েছে ৬ কোটি ১৮ লাখ ৯ হাজার ৭৯৮ টাকা। তাঁর নামে প্রায় ৮৭৩ কোটি টাকার ঋণ রয়েছে, যা অন্য সব প্রার্থীর তুলনায় বেশি।
সিলেট–২ আসনে বিএনপি প্রার্থী মোছা. তাহসিনা রুশদীর। তিনি স্নাতকোত্তর ডিগ্রিধারী ও পেশায় অবসরপ্রাপ্ত চাকুরিজীবী। তাঁর বিরুদ্ধে কোনো চলমান মামলা নেই, তবে ১টি মামলা ছিল তা নিষ্পত্তি হয়েছে। তাঁর বার্ষিক আয় ৯ লাখ ৫২ হাজার ৩৮৭ টাকা। হলফনামা অনুযায়ী তার অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৫০ লাখ ১ হাজার ১৫৮ টাকা ও স্থাবর সম্পত্তি ৮৯ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা। এ প্রার্থীর নামে কোনো ঋণ নেই।
সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক। তাঁর শিক্ষাগত যোগ্যতায় লিখেছেন স্বশিক্ষিত, তবে তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। হলফনামায় কোনো পেশার উল্লেখ না থাকলেও মালিকের বার্ষিক আয় দেখানো হয়েছে ৭ লাখ ২১ হাজার ৫০০ টাকা। অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ১০ লাখ টাকা ও স্থাবর সম্পত্তি ৭০ লাখ টাকা।
সিলেট-৪ আসনে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী স্বশিক্ষিত ও পেশায় ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে বর্তমানে ৯টি মামলা চলমান ও ১টি মামলা নিষ্পত্তি হয়েছে। বার্ষিক আয় ৩১ লাখ ৮৩ হাজার ২৩৬ টাকা। হলফনামা অনুযায়ী তাঁর অস্থাবর সম্পত্তি রয়েছে ৪ কোটি ৩৩ লাখ ২৭ হাজার ৩৮৪ টাকা ও স্থাবর সম্পত্তির পরিমাণ ১৫ কোটি ২৬ লাখ ৬৭ হাজার ৮৮২ টাকা। এছাড়া তাঁর নামে ব্যাংক ঋণ রয়েছে ২ কোটি ৩৯ লাখ ১১ হাজার ২৬৫ টাকা। হলফনামার হিসেবে এ প্রার্থীর আয় বেড়েছে কয়েকগুণ। ২০১৮ সালে দেওয়া হলফনামায় তার বাৎসরিক আয় ছিল ৭ লাখ ৫৮ হাজার টালা।
সিলেট-৫ আসনে বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী উবায়দুল্লাহ ফারুক। তিনি স্বশিক্ষিত, পেশায় ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে কোনো চলমান মামলা নেই, তবে ১টি মামলা নিষ্পত্তি হয়েছে। ব্যবসা থেকে বার্ষিক আয় ৮ লাখ ৩০ হাজার টাকা। হলফনামা অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমাণ মাত্র ২৮ লাখ ৮৪ হাজার টাকা, যা সিলেটের ছয় আসনের প্রার্থীদের মধ্যে সর্বনিম্ন।
সিলেট-৬ আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন দুইজন প্রার্থী। বিএনপি প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী শিক্ষাগত যোগ্যতায় বিএ। তার বিরুদ্ধে কোনো চলমান মামলা নেই, তবে ২টি মামলা নিষ্পত্তি হয়েছে। পেশায় ব্যবসায়ী দেওয়া এ প্রার্থীর বার্ষিক আয় ১ কোটি ৭৩ লাখ ৬৯ হাজার ১৪৭ টাকা ও মোট সম্পত্তির পরিমাণ ২৭ কোটি ৬৯ লাখ ৮ হাজার ৪৬৮ টাকা। অন্যদিকে বিএনপি প্রার্থী এমরান আহমদ চৌধুরী এলএলএম ডিগ্রিধারী ও পেশায় আইনজীবী। তাঁর বিরুদ্ধে ১টি মামলা চলমান এবং ৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। বার্ষিক আয় ৬ লাখ ৬৪ হাজার ৫৪৮ টাকা ও মোট সম্পত্তি ৬৯ লাখ ৩৫ হাজার ২৯৪ টাকা।
শুভ প্রতিদিন/এমকে