ছবি: ।
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রশাসন ও বন বিভাগের অনুমতি ছাড়াই রাস্তার পাশের প্রায় অর্ধ শতাধিক গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে প্রকাশ্যে গাছ কাটা হলেও বিষয়টি আলোচনায় আসে গত সোমবার (৫ জানুয়ারি)। পরে খবর পেয়ে বন বিভাগ কাটা অবস্থায় ২০ থেকে ২৫টি গাছ জব্দ করে। তবে এর আগেই প্রায় ৪০টির মতো গাছ কেটে ফেলা হয়েছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার বঙ্গবীর থেকে পীরের বাজার সড়কের দু’পাশে থাকা বড় আকৃতির গাছগুলো কেটে ফেলা হয়েছে। প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই প্রকাশ্যে এসব গাছ কাটা ও বিক্রি চলছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের টনক নড়ে। পরে অভিযান চালিয়ে কর্তন করা বেশ কয়েকটি গাছ জব্দ করা হয়। এর আগেই কনসার্ন এনজিওর কর্মকর্তা, ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুমতি নিয়ে হাজির আলী নামে এক ব্যক্তি গাছগুলো প্রতি ৪ থেকে ৫ হাজার টাকা দরে বিক্রি করেছেন বলে অভিযোগ রয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন। তিনি বলেন, উপজেলা প্রকৌশলী হাসিব আহামেদ একাধিকবার রাস্তার পাশের গাছ কাটার বিষয়ে তার সহযোগিতা চেয়েছিলেন। আমি শুধু সহযোগিতা করেছি। তিনি বলেন, গাছ কেটে বিক্রি করার বিষয়ে আমি কিছু জানি না। প্রকৌশলী আমাকে জানিয়েছিলেন, গাছ থাকার কারণে দীর্ঘদিন ধরে ব্রিজের কাজ করা যাচ্ছিল না। পরে একজন গাছ কেটে দিতে রাজি হওয়ায় গাছ কাটার কার্যক্রম শুরু হয়। আমি অতটুকুই জানি।তিনি আরও বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের ফারুক মিয়াও একাধিকবার আমার কার্যালয়ে এসে গাছ কাটার বিষয়ে সাহায্য চান। তবে আমি প্রতিবারই অপারগতা প্রকাশ করি। পরে হাজির আলী নামে একজন গাছ কাটতে পারবে বলে জানায় ও গত ২৫ ডিসেম্বর থেকে গাছ কাটা শুরু হয়। চেয়ারম্যানের বলেন, গাছ বিক্রি করা হয়নি, শুধু ডাল-পালা বিক্রি করা হয়েছে। গাছগুলো সেখানেই রাখা আছে। আমাকে বলা হয়েছিল, সরকারি নিয়ম অনুযায়ী নিলামে বিক্রি করা হবে।
এ বিষয় উপজেলা প্রকৌশলী হাসিব আহামেদ জানান, রাস্তার কাজের স্বার্থে গাছ কাটার বিষয়ে তিনি উপজেলা প্রশাসন ও বন বিভাগে একাধিকবার চিঠি দিয়েছেন। তিনি বলেন, গাছ থাকার কারণে সেখানে দীর্ঘদিন ধরে কাজ করা যাচ্ছিল না। চেয়ারম্যানের সহায়তাও চেয়েছিলাম। সরকারি কাজ বাস্তবায়নের জন্য গাছ তো কাটতেই হবে, এ ছাড়া অন্য কোনো উপায় নেই।
সারী রেঞ্জের রেঞ্জার কর্মকর্তা মো. শাহ আলম ইসলাম বলেন, গাছ কাটার বিষয়ে বন বিভাগের কোনো অনুমোদন ছিল না। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে প্রায় ২৫ থেকে ৩০টি গাছ জব্দ করেছি। আইন অনুযায়ী এগুলো নিলামে বিক্রি করা হবে।
তিনি আরও বলেন, গাছ কাটার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। আমরা কয়েকটি নাম পেয়েছি, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারও নাম প্রকাশ করা ঠিক হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীও নিশ্চিত করেছেন, গাছ কাটার বিষয়ে উপজেলা প্রশাসনের কোনো অনুমতি ছিল না। তিনি বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শুভ প্রতিদিন/এমকে