ছবি: ।
বিএনপির মনোনয়ন ঘোষণায় সিলেট বিভাগের পাঁচটি আসন নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। চলছে চুল ছেরা বিশ্লেষণ। নানা হিসেব নিকেশে ঝুলছে এ আসনগুলোর বিএনপি প্রার্থীদের ভাগ্য। জোটগত কোনো সমঝোতার বাইরেও দলের প্রার্থীদের অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্ব মেটাতে নেয়া হতে পারে এমন কৌশলগত উদ্যোগ।
এই বিভাগের আলোচিত সংসদীয় সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) আসনে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ কয়েকজন স্থানীয় নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এই আসনে কাউকে মনোনয়ন দেয়নি দলটি। সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে হারিছ চৌধুরী পরিবারের প্রভাব রয়েছে। তাঁর কন্যা সামিরা চৌধুরী, চবি কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি মামুনুর রশীদ মামুন, সিদ্দিকুর রহমান পাপলু মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী পাভেল মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে সাবেক উপজেলা চেয়ারম্যান, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এবং জেলা বারের সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ শেখ সুজাত মিয়া ছিলেন হেভিওয়েট প্রার্থী। এছাড়া যুক্তরাষ্ট্রের শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল আলী নান্টু এবং ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুখলেছুর রহমান মুখলিস মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এছাড়া সাবেক পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরীও শক্ত অবস্থান তৈরি করেছিলেন। কিন্তু শেষমেষ এসব আসনে কাউকে প্রার্থী দেওয়া হয়নি।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, এই আসনগুলো এখনই খালি রাখা হয়েছে, যাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অন্যান্য শরিক দলের সঙ্গে সমঝোতা করা যায়। স্থানীয় পর্যায়ে একাধিক প্রার্থী থাকলেও দল চাইছে, একতাবদ্ধভাবে ও কৌশলীভাবে নির্বাচনি পরিস্থিতি মোকাবিলা করতে।
বিএনপির নেতারা বলছেন, এই পাঁচটি আসনে এখনই প্রার্থী ঘোষণা না করার পেছনে বিভিন্ন কৌশলগত কারণ রয়েছে। দল এমন উদ্যোগ নিয়েছে, যাতে সব পর্যায়ের নেতা-কর্মী একসঙ্গে সমন্বিতভাবে কাজ করতে পারে এবং ঐক্যবদ্ধভাবে নির্বাচনি প্রস্তুতি নিতে পারে। এসব আসনে স্থানীয় পর্যায়ের নেতাকে মনোনয়ন দেওয়া হতে পারে অথবা জোটভুক্ত কোনো রাজনৈতিক দলের প্রার্থী রাখা হতে পারে।
শুভ প্রতিদিন/এমকে