সিলেটে আসন ছাড় দিতে রাজি নয় এনসিপি, প্রয়োজনে আসন সমঝোতা ছাড়াই নির্বাচনের আভাস
প্রকাশিত: ১২/০১/২০২৬ ১০:৫৬:০০ অপরাহ্ন
ছবি: ।
দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। ত্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি ১ মাস। এরই মধ্যেই প্রার্থীদের মনোনয়ন জমাদান, যাচাই-বাছাইও শেষ হয়ে গেছে। এখন অপেক্ষা শুধু প্রতীক বরাদ্দের। বিএনপি বিভিন্ন আসনে তাদের প্রার্থী ইতিমধ্যেই চূড়ান্ত করতে পারলেও আসন সমঝোতার গ্যাড়াকলে বন্দী হয়ে আছে জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১২ রাজনৈতিক দল। নির্বাচনী সকল প্রক্রিয়ার শেষ পর্যায়ে এসেও এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত না আসায় জোটে থাকা দল গুলোর মধ্যে হতাশা বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক সিলেটের একাধিক এনসিপি ও বৈষম্য বিরোধী নেতারা এই প্রতিবেদককে জানিয়েছেন, তারা কোন ভাবেই আসন সমঝোতার ভিত্তিতে সিলেটের অতিগুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা সিলেট-৩ ছাড়তে রাজি নন। যেকোন ভাবেই তারা অন্তত সিলেট-৩ আসনটি সমঝোতায় ধরে রাখতে কেন্দ্রীয় নেতাদের সাথে সার্বক্ষণিক কথা বলছেন। এই আসনটিতে এনসিপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। স্থানীয়ভাবে ব্যাপক পরিচিত লাভ করা জুনেদ সিলেটের ৬ টি আসনের মধ্যে ঘোষিত ৩ প্রার্থীর মধ্যে সব দিক দিয়ে এগিয়ে। দীর্ঘদিন কাজ করার ফলে এ আসনটিতে তার অবস্থান বেশ পাকাপোক্ত হয়ে আছে। স্থানীয় জনসাধারণও তাকে পারিবারিক ও রাজনৈতিক দুভাবেই চেনেন। এছাড়াও স্থানীয়ভাবে বিভিন্ন সূত্রমতে জানা গেছে, ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে আসন সমঝোতার ভিত্তিতে প্রার্থী করা হলে বিএনপির প্রার্থীর সাথে তুমুল ভোটযুদ্ধ হবে। এ প্রতিবেদকের কাছে সিলেটের এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা বলতে গেলে কথার বোমা ফাটিয়েছেন। তারা বলছেন, এখানে যদি জোটের প্রার্থী হিসেবে অন্য কাউকেও প্রার্থী করা হয় তাহলে তারা সিলেট-৩ আসনে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে প্রার্থীরুপে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তারা বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
এ ব্যাপারে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেন, আমি আমার দলের হাইকমান্ডের প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস এবং সম্মান প্রদর্শন করি। জাতীয় স্বার্থে তাদের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে আমি তা মাথা পেতে নেবো। তবে আমি বলতে চাই, এনসিপির স্থানীয় নেতাকর্মীদের আশা আকাঙ্খাকেও যাতে গুরুত্ব দেয়া হয়।
এদিকে, সোমবার (১২ জানুয়ারি) সিলেটের এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা এসব বিষয়ে এক বৈঠকে মিলিত হন। বৈঠককালে তারা অন্তত সিলেট-৩ আসনটি যাতে আসন সমঝোতায় রাখা সে ব্যাপারে এনসিপির শীর্ষ নেতাদের কাছে জোর দাবি জানান। প্রয়োজনে এই আসনটিতে আসন সমঝোতার বাইরে গিয়েও নির্বাচন করার কথাও বৈঠকে বলা হয়।
এসময় উপস্থিত ছিলেন এনসিপির সিলেট জেলার আহ্বায়ক জুনেদ আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন শাহান, সদস্য সচিব কামরুল আরিফ, যুগ্ম সদস্য সচিব ফয়সাল আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ শিপন, নুরুল ইসলাম, সামছুজ্জামান হেলাল, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুথান বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, সিলেট জেলা এনসিপি নেতা সুহেল আহম মুছা, মহানগর আহ্বায়ক আফজাল হুসেন, যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম, তারেক আহমেদ বিলাশ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আদনান তায়্যিব, যুগ্ন সদস্য সচিব- তাসনিয়া আক্তার লুবনা, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য, মাহবুবুর রহমান তাসলিম, সিলেট জেলার সদস্য সচিব শামীম আহমেদ অপু, মুখ্য সংগঠক পারভেজ আহমেদ, সদস্য রাহাত উদ্দীন রাজ, জাতীয় ছাত্রশক্তি সিলেট জেলার আহ্বায়ক তানভীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম, মুখ্য সংগঠক তাকি আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব জামিল আহমদ, মাহিন আহমেদ, নাহিদ আহমেদ।
শুভ প্রতিদিন/এমকে