ভোটের জনসচেতনতা বাড়াতে হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ডিসির মতবিনিময়
প্রকাশিত: ১৩/০১/২০২৬ ০৭:০০:২৯ অপরাহ্ন
ছবি: ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হাশেম, হবিগঞ্জ মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার গোলাম মোস্তফা রফিক, সিনিয়র সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মো. ফজলুর রহমান, রুহুল হাসান শরীফ, সৈয়দ এখলাছুর রহমান খোকন, মোহাম্মদ নুর উদ্দিনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং গণভোট আয়োজনের জন্য জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। নির্বাচন ও গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় নির্বাচনকালীন করণীয়, তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন এবং গুজব প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা নিয়েও আলোচনা হয়।
শুভ প্রতিদিন/এমকে