ছবি: ।
সিলেটের জৈন্তাপুরে ইজারা বহির্ভূত এলাকা থেকে দিনের পর দিন নির্বিঘ্নে চলছে অবৈধ বালু উত্তোলন। প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে জরিমানা, বালু জব্দ কিংবা নৌকা আটক করা হলেও থামছে না অবৈধ বালু উত্তোলনকারীরা। উলটো আরও বেপরোয়া হয়ে উঠছে তাদের তৎপরতা। লিজ দেওয়া নির্দিষ্ট এলাকার বাইরে নদীর গুরুত্বপূর্ণ অংশ, সেতুর নিচ ও সংরক্ষিত এলাকাগুলো থেকেই অবৈধভাবে তুলে নেওয়া হচ্ছে বালু।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জৈন্তাপুর উপজেলার সারি-১, সারি-২ এবং ও বড় গাঙ্গ এলাকায় বালু উত্তোলনের জন্য সরকারিভাবে ইজারা দেওয়া হয়েছে। তবে বাস্তব চিত্র ভিন্ন। সরেজমিনে দেখা গেছে, লিজের সীমানার বাহির থেকেও প্রকাশ্যেই বালু উত্তোলন করা হচ্ছে। এমনকি যেখানে কোনো ইজারাই নেই-সেই রাংপানিসহ বিভিন্ন স্থান থেকেও প্রতিদিন বিপুল পরিমাণ বালু তুলে নেওয়া হচ্ছে।
গত সোমবার সরেজমিন সারি ব্রিজ, বড় গাঙ্গ ও রাংপানি এলাকা ঘুরে দেখা যায়, সারি ব্রিজের নিচে শতাধিক নৌকা একসঙ্গে বালু উত্তোলনে ব্যস্ত। বড় গাঙ্গ সেতু ও রাংপানি এলাকাতেও একই চিত্র-শত শত নৌকা ও মেশিন বসিয়ে নদীর তলদেশ থেকে উত্তোলন করা হচ্ছে বালু। এতে নদীর প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে গুরুত্বপূর্ণ সেতু।
স্থানীয় বাসিন্দারা জানান, দিন-রাত ২৪ ঘণ্টাই চলছে বালু উত্তোলন। প্রশাসনের অভিযান কখনো কখনো হলেও তা অপ্রতুল। বরং অভিযানের পরপরই আগের মতোই আবার শুরু হয় বালু তোলার কাজ।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, রাংপানি এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে মাসুক আহমদ নামের এক ব্যক্তির সরাসরি সম্পৃক্ততা রয়েছে এবং তিনিই সেখানে বালু উত্তোলনের ‘অঘোষিত বৈধতা’ দিয়ে রেখেছেন। একইভাবে সারি ব্রিজ এলাকায়ও যুবদল নেতা ফাহাদের ছত্রছায়ায় বালু তোলা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মাসুক আহমদ। তিনি বলেন, রাংপানি এলাকা থেকে তিনি বালু উত্তোলন করছেন না। তার দাবি, সেখানে মাসুক খাঁ ও নানু খাঁ-রা নিয়মিত বালু উত্তোলন করে যাচ্ছেন। নাম একই থাকায় তারা মনে করেছি আমি বালু উত্তোলন করি।
জৈন্তাপুর উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলায় সারি-১, সারি-২ ও বড় গাঙ্গ বালু মহাল ইজারা দেওয়া আছে। তবে ইজারাকৃত এলাকার সুনির্দিষ্ট সীমানা কতটুকু-সে বিষয়ে স্পষ্ট তথ্য দিতে পারেনি প্রশাসন।
এ বিষয়ে জানতে চাইলে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে আমাদের নজরদারি রয়েছে। তিনি বলেন, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হচ্ছে। কয়েকদিন আগেই সারি ব্রিজের নিচে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। তিনি বলেন, যারা বালু উত্তোলন করছে তারা দাবি করছে-লিজ দেওয়া এলাকার ভেতর থেকেই বালু তোলা হচ্ছে, এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
শুভ প্রতিদিন/এমকে