প্রকাশিত

২১/০১/২০২৬ ০৫:৫৩:১৯ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটের মানুষের সঙ্গে তারেক রহমানের সম্পর্ক আত্মিক ও পারিবারিক : কয়েস লোদী

প্রকাশিত: ২১/০১/২০২৬ ০৫:৫৩:১৯ অপরাহ্ন

ছবি: ।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমনকে কেন্দ্র করে আলাদা করে কাউকে দাওয়াত দেওয়ার প্রয়োজন নেই, কারণ সিলেটের মানুষের সঙ্গে তারেক রহমানের সম্পর্ক আত্মিক ও পারিবারিক। তিনি বলেন, সিলেটের মানুষ তাকে নিজেদের বোনের জামাই হিসেবেই দেখেন, তিনি নিজেও নিজেকে ‘হাফ সিলেটি’ বলে উল্লেখ করেছেন। ২০০৪ সালে সর্বশেষ সিলেটে এসেছিলেন তারেক রহমান, দীর্ঘ প্রায় ২২ বছর পর আগামী ২২ মার্চ তিনি সিলেটে আসছেন এবং সকাল ১০টায় ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন। তিনি বলেন, এই জনসভা শুধু বিএনপির জন্য নয় বরং ভবিষ্যৎ বাংলাদেশ ও আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জনসভাকে ঘিরে দেশের মানুষের পাশাপাশি আন্তর্জাতিক মহলেরও দৃষ্টি থাকবে। কারণ দীর্ঘ দেড় দশক ধরে বাংলাদেশের মানুষের অধিকার আদায় ও মুক্তির আন্দোলনে নেতৃত্ব দেওয়া তারেক রহমান এখানে তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। তিনি নিজেই বলেছেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। সেই পরিকল্পনাগুলো জানার আগ্রহ থেকেই মানুষ আলিয়া মাদ্রাসা মাঠে সমবেত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আলিয়া মাদ্রাসা মাঠ বিএনপির আন্দোলনের এক ঐতিহাসিক সাক্ষী। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই মাঠে সকাল ১১টার দিকে জনসভা করেছিলেন এবং সর্বশেষ ২০১১ সালে বেগম খালেদা জিয়া এখানে জনসভায় ভাষণ দেন। পরবর্তীতে তিনি সিলেটে মাজার জিয়ারতে এলে তৎকালীন সরকার যেভাবে তার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে আচরণ করেছিল, তা সবারই জানা। সব বাধা-বিপত্তি উপেক্ষা করেই সেদিন সিলেটের মানুষ বেগম খালেদা জিয়াকে সম্মান জানিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, তারেক রহমানের এই জনসভাকে কেন্দ্র করে আলিয়া মাদ্রাসা মাঠ শুধু কানায় কানায় পূর্ণই হবে না বরং সিলেটের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় রচিত হবে। জনসভা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা হয়েছে এবং দলীয় নেতাকর্মীরাও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বস্ত করা হয়েছে।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, চেয়ারম্যানের আগমনের খবর শোনার পর থেকেই জেলা ও মহানগর বিএনপি মাঠে নেমে কাজ শুরু করেছে। সিলেটের ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের পাশাপাশি সুনামগঞ্জের পাঁচটি আসনের প্রার্থী ও জেলা বিএনপির নেতাকর্মীরাও এই জনসভা সফল করতে একযোগে কাজ করছেন। তিনি শেষে সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলনের নেতৃত্বদানকারী এই প্রিয় নেতার বক্তব্য শোনার জন্য সিলেটের মানুষ স্বতঃস্ফূর্তভাবে জনসভায় উপস্থিত হবেন-এটাই আমাদের প্রত্যাশা।


শুভ প্রতিদিন/এমকে