প্রকাশিত

২১/০১/২০২৬ ০৫:৫৩:৫২ অপরাহ্ন

সিলেট জুড়ে

নির্বাচন আবারও জনগণের উৎসব ও আনন্দে পরিণত হতে যাচ্ছে : মিফতাহ্ সিদ্দিকী

প্রকাশিত: ২১/০১/২০২৬ ০৫:৫৩:৫২ অপরাহ্ন

ছবি: ।

দীর্ঘ ২১ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমন ও ২২ জানুয়ারির জনসভাকে ঘিরে পুরো সিলেটজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রথমবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশে এটিই হবে তাঁর প্রথম জনসভা। এ ঐতিহাসিক আয়োজনকে ঘিরে জেলা ও মহানগর বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। তিনি বলেন, নির্বাচন আবারও জনগণের উৎসব ও আনন্দে পরিণত হতে যাচ্ছে এবং ১২ ফেব্রুয়ারির ভোটে মানুষ তাদের প্রতিনিধি নিজের ভোটের মাধ্যমেই নির্বাচিত করবে। মিফতাহ্ সিদ্দিকী বলেন, ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান সর্বশেষ সিলেটে এসেছিলেন। প্রায় ২১ বছর পর এবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রথম জনসভা সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি সিলেটবাসীর জন্য গর্বের বিষয়। এ কারণে নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যেও প্রবল আগ্রহ ও আনন্দ বিরাজ করছে। তিনি বলেন, নির্বাচন একটি আনন্দের বিষয়। কিন্তু বিগত বছরগুলোতে সেই আনন্দ হারিয়ে গিয়েছিল। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে আবারও সেই প্রাণ ফিরে পাবে। জনগণ তাদের ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করবে-এ বিশ্বাস থেকেই মানুষের মধ্যে নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে। মিফতাহ্ সিদ্দিকী বলেন, শুধু দলের নেতাকর্মী নয়, সাধারণ জনগণের মধ্য থেকেও স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে। ঢাকায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন যেমন পুরো শহর জনসভায় পরিণত হয়েছিল, সিলেটেও তার ব্যতিক্রম হবে না বলে আশা করি। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ঐতিহ্যবাহী ধারায় সিলেট থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করতেন, তারই ধারাবাহিকতায় এবারও আধ্যাত্মিক নগরী সিলেট থেকেই তারেক রহমানের নির্বাচনী যাত্রা শুরু হবে। শাহজালাল (রহ.)-এর পূণ্যভূমি সিলেট থেকেই তিনি আগামীর বাংলাদেশ নিয়ে দিকনির্দেশনা দেবেন। মিফতাহ্ সিদ্দিকী বলেন, সিলেট জেলা ও মহানগর বিএনপি সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। অতীতের আন্দোলন-সংগ্রামেও সিলেট অগ্রণী ভূমিকা রেখেছে এবং এখনও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয় করে সক্রিয়ভাবে কাজ করছে। সিলেট বিভাগের অন্যান্য জেলাতেও ধারাবাহিকভাবে জনসভা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, গত ১৭ বছর ধরে নানা ষড়যন্ত্র, নির্যাতন ও দমন-পীড়নের মধ্যেও তারেক রহমান দেশের নেতৃত্ব দিয়েছেন এবং বিএনপিকে সাধারণ মানুষের দাবি আদায়ের প্ল্যাটফর্মে পরিণত করেছেন। শুধু বিএনপি নয়, বিভিন্ন রাজনৈতিক শক্তিও এই প্ল্যাটফর্মে একত্রিত হয়েছে। তাই মানুষ তাঁকে দেখতে এবং তাঁর মুখ থেকে আগামীর বাংলাদেশ নিয়ে বক্তব্য শুনতে উন্মুখ হয়ে আছে। সিলেটবাসীর প্রত্যাশা প্রসঙ্গে মিফতাহ্ সিদ্দিকী বলেন, দীর্ঘ সময় ধরে দেশ একটি সংকটকাল অতিক্রম করেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে সিলেট গত ১৭ বছরে তেমন উন্নয়ন পায়নি। তারেক রহমানের সিলেটের প্রতি বিশেষ টান রয়েছে, তাই তাঁর নেতৃত্বে সিলেটের অবহেলা দূর হবে এবং ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হবে-এটাই মানুষের প্রত্যাশা।


শুভ প্রতিদিন/এমকে