বাবার শেষ নির্বাচনে কন্যার লড়াই
রোদ–ধুলোয় গ্রাম থেকে গ্রামে শামারুহ মির্জা
প্রকাশিত: ০৫/০২/২০২৬ ০৪:৫৩:৫৬ অপরাহ্ন
ছবি: ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনি মাঠ। বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার জীবনের শেষ নির্বাচনের প্রস্তুতিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন। ৭৭ বছর বয়সি এই প্রবীণ রাজনীতিবিদ দীর্ঘ কয়েক দশক ধরে বাংলাদেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে নিরলস সংগ্রাম চালিয়ে আসছেন। এবার তার নির্বাচনি প্রচারণায় যুক্ত হয়েছে এক নতুন মাত্রা। বাবার পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন তার বড় মেয়ে, অস্ট্রেলিয়া প্রবাসী চিকিৎসাবিজ্ঞানী শামারুহ মির্জা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে তিনি সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলছেন, শুনছেন মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা। হাট-বাজার, গ্রামীণ উঠান কিংবা পাড়া-মহল্লা—সবখানেই শামারুহ মির্জাকে দেখা যাচ্ছে পথসভা ও ঘরোয়া বৈঠকে। এসব আয়োজনে তিনি তুলে ধরছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবিচল অবস্থান এবং মানুষের অধিকারের প্রশ্নে আপসহীন ভূমিকার কথা। একই সঙ্গে তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। প্রচণ্ড রোদ, শীত কিংবা ধুলোবালি—কোনো প্রতিকূলতাই তার প্রচারণার গতি থামাতে পারেনি। স্থানীয়দের মতে, প্রবাসী পেশাজীবী হয়েও এভাবে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানো ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের মধ্যে তার উপস্থিতি আলাদা আগ্রহ তৈরি করেছে। ভোটাররা বলছেন, “ফখরুল সাহেবকে আমরা বহুদিন ধরে চিনি। কিন্তু তার মেয়েকে রোদে-ধুলোয় হেঁটে মানুষের সঙ্গে কথা বলতে দেখে ভালো লাগছে। তিনি কখনো নিজেকে আলাদা করে দেখাননি, আমাদের সঙ্গেই মিশেছেন।” শামারুহ মির্জার সক্রিয় ভূমিকা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে। যদিও তিনি এখনো সরাসরি রাজনীতিতে যুক্ত হওয়ার ঘোষণা দেননি, তবে মাঠপর্যায়ে তার নিয়মিত উপস্থিতি ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নানা আলোচনা তৈরি করেছে। স্থানীয় বিএনপি নেতারা মনে করছেন, পরিবারের সদস্য হিসেবে তার এই সক্রিয় অংশগ্রহণ প্রচারণায় নতুন গতি এনেছে এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা বাড়িয়েছে। আকচা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরে আলম বলেন, “যখন রাজনীতি অনেক ক্ষেত্রে কাগজে-কলমে সীমাবদ্ধ, তখন শামারুহ মির্জা মাঠে নেমে প্রমাণ করছেন নেতৃত্ব মানে মানুষের পাশে থাকা। তার উপস্থিতি কর্মীদের নতুন সাহস ও শক্তি জুগিয়েছে।” ঠাকুরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হৃদয় আদনান ও সাধারণ সম্পাদক আসিফসহ ছাত্রনেতারা বলেন, শামারুহ মির্জার মাঠভিত্তিক রাজনীতি তরুণ সমাজকে নতুনভাবে নাড়া দিয়েছে। তাদের ভাষায়, “তিনি উত্তরাধিকার নয়, যোগ্যতার রাজনীতিতে বিশ্বাস করেন—এ কারণেই তরুণ প্রজন্ম তার প্রতি আস্থাশীল হচ্ছে।” জেলার কয়েকজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শামারুহ মির্জা এখন আর কেবল সম্ভাবনাময় মুখ নন, তিনি আগামীদিনের নেতৃত্বের বাস্তবতায় পরিণত হচ্ছেন। মাঠপর্যায়ে তার ধারাবাহিক শ্রম ও মানুষের সঙ্গে সরাসরি সংযোগ তাকে গ্রহণযোগ্য করে তুলেছে। সম্প্রতি এক খোলা নির্বাচনি সভায় শামারুহ মির্জা বলেন, ‘আমি নিয়মিত রাজনীতির মানুষ নই। একজন চিকিৎসাবিজ্ঞানী হিসেবে আমার পেশাগত জীবন দেশের বাইরে। তবে একজন সচেতন নাগরিক ও একজন সন্তানের দায়িত্ববোধ থেকেই আমি আজ এখানে।’ তিনি আরও বলেন, ‘আমার বাবার বয়স হয়েছে। মানুষের অধিকার ও গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়ে তিনি বারবার কারাবরণ করেছেন। ক্ষমতা বা ব্যক্তিগত স্বস্তির জন্য নয়, তিনি রাজনীতি করেছেন মানুষের জন্য, দেশের জন্য। আজ আমি একজন সন্তানের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ জানাতে এসেছি—আরেকবার ধানের শীষে ভোট দিয়ে তাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।’
এইচ বি বা