প্রকাশিত

০৯/০২/২০২৬ ০২:০০:০৫ অপরাহ্ন

সিলেট জুড়ে

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর চেষ্টা চলছে অভিযোগ জামায়াতের

প্রকাশিত: ০৯/০২/২০২৬ ০২:০০:০৫ অপরাহ্ন

ছবি: ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে আগামী ১২ ফেব্রুয়ারির ভোটকে ‘চ্যালেঞ্জিং ও গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নগরীর ধোপাদিঘীর পাড়স্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমানের দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।
তিনি বলেন, আসন্ন নির্বাচন জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে এবং গ্রামগঞ্জ থেকে শহর-সবখানেই নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। দীর্ঘ সময় পর অবাধ ও অংশগ্রহণমূলক ভোটের প্রত্যাশায় মানুষ অপেক্ষা করছে উল্লেখ করে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি ভোটাররা নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন-এমন পরিবেশ প্রত্যাশা করছি।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীসহ জোটভুক্ত অন্যান্য প্রতীকের প্রার্থীদের পক্ষে জনসমর্থনের ‘গণজোয়ার’ তৈরি হয়েছে। দুর্নীতি, আধিপত্যবাদ ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকারে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বিশেষ করে তরুণ সমাজ ও নারী ভোটারদের আগ্রহের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, তারা পরিবর্তনের প্রত্যাশা থেকে জোটের প্রার্থীদের প্রতি আস্থা রাখছেন।
সম্প্রতি সিলেটে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় ব্যাপক জনসমাগমের কথা তুলে ধরে তিনি বলেন, এ ধরনের জনসমাবেশ অতীতে খুব কমই দেখা গেছে। তবে এ পরিস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, কোথাও কোথাও ভোটারদের ভয়ভীতি দেখানোর চেষ্টা চলছে। অতীতে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কিছু ব্যক্তি নির্বাচনের পরিবেশ নষ্ট করতে সক্রিয় হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে ভোটাররা সচেতন এবং কোনো হুমকি বা অপপ্রচারে প্রভাবিত হবেন না বলে বিশ্বাস করেন।
সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ নাকচ করে তিনি বলেন, এমন কোনো ঘটনার তথ্য তাদের কাছে নেই। বরং বিভিন্ন ধর্মীয় উৎসবে সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীরা ভূমিকা রেখেছেন বলেও দাবি করেন।
নির্বাচনে অর্থ লেনদেন ও প্রচারসামগ্রী অপসারণের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এসব বিষয়ে সত্যতা যাচাই করা প্রয়োজন এবং সাংবাদিকদের অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত তথ্য জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করে তিনি বলেন, চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে ভোটারদের মধ্যে আস্থা বাড়বে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে কোনো বাধা সৃষ্টি না করারও আহ্বান জানান তিনি।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে কাউকে অভিযুক্ত করা দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। সন্ত্রাসবিরোধী অভিযানে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে প্রশাসন, গণমাধ্যম, রাজনৈতিক দল ও ভোটার-সবাইকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

শুভ প্রতিদিন/এমকে