নিরাপত্তা ছক চূড়ান্ত : মহানগরীতে অধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ৯৫টি
সিলেটে ভোটকেন্দ্রের নজরদারিতে বডি ক্যামেরা, প্রযুক্তি সমৃদ্ধ ডক-স্টেশন
প্রকাশিত: ০৯/০২/২০২৬ ০৫:৩৯:০১ অপরাহ্ন
ছবি: ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সিলেটের ভোটকেন্দ্রে থাকছে বডি-ওর্ন ক্যামেরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শরীরে সংযুক্ত এ ক্যামেরায় ভোটকেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হবে। একই সঙ্গে দেওয়া যাবে নির্দেশনা। ইতিমধ্যে বডি-ওর্ন ক্যামেরা পর্যবেক্ষণের জন্য সিলেট মহানগরীর একটি থানায় অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধিত ডক-স্টেশন স্থাপন করা হয়েছে। সিলেটের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের শরীরে বডি ক্যামেরা দেয়া হবে। ভোটগ্রহণ শুরুর আগমুহূর্ত থেকে শুরু করে ভোট শেষ হওয়া পর্যন্ত কেন্দ্রের সার্বিক পরিবেশ, ভোটার আগমন, ব্যালট দেওয়ার প্রক্রিয়াসহ যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এসব ক্যামেরায় রেকর্ড থাকবে। সিলেট মহানগরী এলাকায় ইতোমধ্যে ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য পুলিশের কাছে ২৩৪ বডি-ওর্ন ক্যামেরা দেয়া হয়েছে। এছাড়া তদারকির জন্য থাকছে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা। সিলেট মহানগর পুলিশের ছয়টি থানায় ৯৫ টি ‘ঝুকিপূর্ণ’ ভোট কেন্দ্র রয়েছে, যদিও এ কেন্দ্রগুলো পুলিশের ভাষায় ‘অধিক গুরুত্বপূর্ণ’। তবে জেলা পুলিশ কোনো কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেনি। সিলেটের ছয়টি আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে এক হাজার ১৬টি। সিলেটের ডিআইজি মো. মুশফেকুর রহমান বলেন, অতি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বডি অর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে দায়িত্বরত পুলিশ সদস্যরা ভিডিও ধারণ করবেন। এসব ভিডিও পরবর্তী তদন্তে ডিজিটাল প্রমাণ হিসেবে সংরক্ষণ করা হবে।’ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিলেট বিভাগের চার জেলার প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। সেই সাথে সংশ্লিষ্ট পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ জানায়, বডি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ তাৎক্ষণিকভাবে অথবা পরবর্তীসময়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ কক্ষ ও নির্বাচন কমিশনের মনিটরিং টিম পর্যালোচনা করবে। কোনো অভিযোগ বা অনিয়মের তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট ফুটেজ প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে। এতে ভোটকেন্দ্রভিত্তিক ঘটনার নির্ভরযোগ্য ডকুমেন্টেশন তৈরি হবে। সিলেট মহানগরীর জন্য যে থানা ডকস্টেশন স্থাপন করা হয়েছে সেই স্টেশনে বসে নির্ধারিত পুলিশ কর্মকর্তা ভোটের মাঠে থাকা বডিক্যামে নজরদারি করবেন। ভোটগ্রহণকালে পুলিশ সদর দপ্তরের কমান্ড সেন্টার থেকে বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে সরাসরি ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভোটকেন্দ্রের যে কোনো বিতর্কিত ঘটনার সমাধানে সহায়ক হতে পারে বডি-ওর্ন ক্যামেরার ছবি ও ফুটেজ। পুলিশ সূত্র জানায়, সিলেট জেলায় ৬টি নির্বাচনী আসন রয়েছে। এর মধ্যে সিটি করপোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত সিলেট-১ আসন নগর পুলিশের ছয়টি থানায় পড়েছে। আর সিলেট-৩ আসনে তিনটি উপজেলার মধ্যে দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র নগর পুলিশের দুটি থানায় আওতায় রয়েছে। এছাড়াও সিলেট-২, ৪, ৫, ৬ ও ৩ আসনের দুটি উপজেলাসহ বাকি ভোট কেন্দ্রগুলো জেলা পুলিশের আওতাধীন। গত ৭ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়, ‘মহানগরীর ‘অধিক গুরুত্বপূর্ণ’ কেন্দ্রগুলোতে চারজন করে অস্ত্রসহ পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসার, প্রতি কেন্দ্রে লাঠিসহ ১০ জন পুলিশ ও মহিলা আনসার মোতায়েন থাকবে। এছাড়া ‘গুরুত্বপূর্ণ’ ও ‘সাধারণ’ কেন্দ্রগুলোতে থাকবে তিনজন করে অস্ত্রধারী পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসার, প্রতি কেন্দ্রে লাঠিসহ ১০ জন পুলিশ ও মহিলা আনসার মোতায়েন থাকবে।’ সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অধিক গুরুত্বপূর্ণ ৯৫, গুরুত্বপূর্ণ ১৩৪ ও সাধারণ ৬৫টি কেন্দ্র রয়েছে। মহানগর পুলিশের আওয়ায় মোট ২৯৪টি ভোট কেন্দ্র রয়েছে। তিনি বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ইতিমধ্যে ২৩৪টি বডি-ওর্ন ক্যামেরা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সাথে মহানগরী এলাকায় ২ হাজার ২শত পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। একই সাথে ভোটকেন্দ্রগুলোতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মো. সম্রাট তালুকদার বলেন, ‘পরিপত্র অনুযায়ী দুরত্ব, ভোটারের সংখ্যা ও দুর্গম এলাকার কারণে ১০৩টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে নেওয়া হয়েছে। আর জেলার ৬১৯টি কেন্দ্রকে ‘সাধারণ’ কেন্দ্র ধরা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা হবে।’
এইচ বি বা