কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের পোলিং এজেন্ট তালিকা জমা
প্রকাশিত: ১১/০২/২০২৬ ০৮:১৬:৫৬ অপরাহ্ন
ছবি: ।
সিলেট-১ আসনের ১৮নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে জামায়াতে ইসলামীর পোলিং এজেন্টদের তালিকা আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। নির্বাচনকে ঘিরে যখন রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা-উত্তেজনা চলছে, ঠিক তখনই এ কেন্দ্রকে ঘিরে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ।
উক্ত কেন্দ্রের প্রিজাইডিং অফিসার খন্দকার জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের আগে আজ রাতে জামায়াত তাদের পোলিং এজেন্টদের নামের তালিকা দাখিল করেছে। তিনি বলেন, জমাকৃত তালিকা যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
নির্বাচন ঘনিয়ে আসায় প্রতিটি কেন্দ্রেই বাড়ছে তৎপরতা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, কেন্দ্রটিতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার রাখার পরিকল্পনাও রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পোলিং এজেন্ট তালিকা জমা দেওয়া নির্বাচনী কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। আওয়ামীলীগের পথ ধরেই জামায়াত হাঁটছে।
সিলেট-১ আসনের এই কেন্দ্রটি নিয়ে ভোটারদের মাঝেও বাড়ছে আগ্রহ। এখন দেখার বিষয়—ভোটের দিন এই প্রস্তুতি কতটা প্রতিফলিত হয় ব্যালটের লড়াইয়ে।
sa/shu