এবার পাকিস্তানি পোশাকে আগ্রহ তরুণীদের
এবার পাকিস্তানি পোশাকে আগ্রহ তরুণীদের
প্রকাশিত: ১৬/০৩/২০২৬ ০২:০৩:০০ অপরাহ্ন
ছবি: ।
চারদিন পর পবিত্র ঈদুল ফিতর। তাই শেষ মুহূর্তে উত্তরের সীমান্ত জেলা জয়পুরহাটের ‘ঈদ বাজার’ বেশ জমে উঠেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রতিটি মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতেও বেড়েছে ক্রেতাদের ভিড়, চলছে রমরমা বেচাকেনা। ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে এখন সরগরম 'ঈদ বাজার'। বিক্রেতারা বলছেন, সব ধরনের পোশাকের চাহিদা লক্ষ্য করা গেলেও এবার পাকিস্তানি পোশাকের প্রতি আগ্রহ বেশি তরুণীদের। তবে এবার প্রতিটি পণ্যের দাম অপেক্ষাকৃত বেশি বলে অভিযোগ ক্রেতাদের। রমজানের শুরুর দিকে মার্কেটগুলোতে কেনাকাটা কিছুটা মন্থর গতিতে হলেও ঈদের সময় ঘনিয়ে আসায় শহরের নিউ মার্কেট, বিগ বাজার, পৃথিবী কমপ্লেক্স, মাড়োয়ারী পট্টি, পূর্ব বাজারসহ প্রতিটি মার্কেটে বেড়েছে নানা বয়সি ক্রেতাদের ভিড়। শুরু হয়েছে জমজমাট কেনাকাটা। পছন্দের পণ্যটি কিনতে যানজট ও ভিড় উপেক্ষা করে ক্রেতারা ছুটছেন এক মার্কেট থেকে অন্য মার্কেটে। ফলে একমাত্র প্রধান সড়কের দুপাশে গড়ে ওঠা ব্যস্ততম জয়পুরহাট জেলা শহরের যানজট ও ক্রেতাদের ভিড় সামলাতে ট্রাফিক পুলিশ ও পৌরসভার নিরাপত্তা কর্মীদের হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে সবচেয়ে বেশি বেচাকেনা হচ্ছে-পূর্ব বাজারের মেসার্স পাবনা বস্ত্র বিতান, করিম গেঞ্জি ও বাবু গার্মেন্টসে। ঈদ বাজার ঘুরে দেখা গেছে, এতোদিনের একচেটিয়া ভারতীয় পোশাকের আধিপত্যের জায়গায় এবার ঈদের স্থান পেয়েছে পাকিস্তানি বিভিন্ন পোশাক। পাকিস্তানি বাহারি থ্রি পিসসহ তৈরি পোশাকের প্রতি তরুণীদের আগ্রহ দেখা গেছে। তবে গরমে আরামদায়ক হওয়ায় এবার সুতি টাঙ্গাইল শাড়িসহ দেশি পোশাকের চাহিদা বেশি। এর পাশাপাশি ছোটদের স্কার্ট, ছোট ছোট ফ্রক, বিভিন্ন বয়সি পুরুষদের সিকুয়েন্স পাঞ্জাবি, চাইনিজ শার্ট, চাইনিজ গেঞ্জি এবং মেয়েদের বোরকা, ওড়না ও হিজাবও বিক্রি হচ্ছে বেশ। এছাড়া জুতা-স্যান্ডেলের দোকানেও রয়েছে ক্রেতাদের ভিড়। বরাবরের মতো এবারও ক্রেতাদের অভিযোগ, প্রতিটি পণ্যের দাম অনেক বেশি। তাই ইচ্ছে থাকলেও বাড়তি দামের কারণে পছন্দের পণ্য কিনতে পারছেন না অনেকেই। তাই বলে ঈদ কেনাকাটা থেমে নেই। সাধ ও সাধ্যের সমন্বয় করে প্রিয়জনদের জন্য কিনতে হচ্ছে ঈদের পোশাকসহ অন্যান্য সামগ্রী। বাড়তি দামের ব্যাপারে ক্রেতাদের অভিযোগ অকপটে স্বীকার করে ব্যবসায়ীরা বলছেন, গত বছরের চেয়ে এবার প্রতিটি জিনিসই বেশি দামে কিনতে হয়েছে, তাই বাধ্য হয়ে তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া বলেন, দাম স্বাভাবিক (স্থিতিশীল) রাখার জন্য জেলা প্রশাসন থেকে শুরু করে অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অভিযান পরিচালনা করছেন। আশা করা যায়, ঈদের আগ পর্যন্ত দাম স্বাভাবিক (স্থিতিশীল) রাখার প্রবণতা বজায় থাকবে। এক্ষেত্রে আমরা যদি কোনো ব্যতিক্রম পাই, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এইচ বি বা