ওভাল অফিসে ‘বিবি’কে কী করেছিলেন ট্রাম্প? মার্কিন দূতের মন্তব্যে তোলপাড়
ওভাল অফিসে ‘বিবি’কে কী করেছিলেন ট্রাম্প? মার্কিন দূতের মন্তব্যে তোলপাড়
প্রকাশিত: ২৫/০৩/২০২৬ ০৬:২১:৫২ অপরাহ্ন
ছবি: ।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলমান থাকাবস্থায় তেহরানে আগ্রাসন শুরু করে ওয়াশিংটন ও তেল আবিব। তখনই বিষয়টি নিয়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয় যে, সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফুসলিয়ে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণ নিয়ে অসন্তোষের কারণে চাকরি ছাড়েন সাবেক মার্কিন কাউন্টার টেররিজম প্রধান জো কেন্ট। তার অভিযোগ ছিল, ‘ট্রাম্প তার উপদেষ্টা ও নিরাপত্তা কর্মকর্তাদের কথায় নয়, বরং অন্যদেশের নেতার প্ররোচনায় মধ্যপ্রাচ্যে সংঘাত বাধিয়েছেন।’ এতে ওই গুঞ্জনের পালে আরও বেশি হাওয়া লাগে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২৪ মার্চ) সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ। তিনি নিউ ইয়র্ক পোস্টের 'পড ফোর্স ওয়ান' অনুষ্ঠানে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প অতীতে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘কড়া ধমক’ দিয়েছিলেন। জো কেন্ট এবং অন্যদের তোলা অভিযোগও প্রত্যাখ্যান করেছেন ওয়াল্টজ। ওই অভিযোগগুলোতে বলা হয়েছিল যে, নেতানিয়াহু ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামাতে প্ররোচিত করেছেন। ওয়াল্টজ জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পই নিশ্চিতভাবে ‘মূল সিদ্ধান্ত গ্রহণকারী’। 'পড ফোর্স ওয়ান'-এর হোস্ট মিরান্ডা ডিভাইনকে ওয়াল্টজ বলেন, ‘এক মুহূর্তের জন্যও কারও বিশ্বাস করা উচিত নয় যে কোনো বিশ্বনেতা, উপদেষ্টা বা অন্য কেউ ওভাল অফিসে ঢুকে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রভাবিত করছেন।’ তিনি আরও স্পষ্ট করে বলেন, ‘এসব সিদ্ধান্ত একান্তই তার (ট্রাম্পের)। বিষয়গুলো সেভাবে চলে না। আমি নিজে সেই কক্ষে উপস্থিত ছিলাম যখন তিনি ‘বিবি’কে (নেতানিয়াহুর ডাক নাম) কড়া কথা শুনিয়েছিলেন। আমরা সবাই দেখেছি, প্রধানমন্ত্রী নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন এবং দোহার কেন্দ্রস্থলে হামলার জন্য ক্ষমা চেয়েছিলেন।’ গত সেপ্টেম্বরে হোয়াইট হাউস সফরের সময় ট্রাম্প নেতানিয়াহুকে দিয়ে ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর দোহায় হামলার জন্য কাতারের প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে ‘গভীর অনুশোচনা’ প্রকাশ করান। ওই হামলার লক্ষ্য ছিল কাতারের মধ্যস্থতায় চলা জিম্মি আলোচনার সময় হামাস নেতৃত্বকে আঘাত করা। কাতার তাদের দেশে হামাস নেতাদের থাকতে দেওয়ার কারণে ইসরাইল দীর্ঘকাল ধরেই বিরক্ত ছিল। তবে ইসরাইলি কর্মকর্তারা পরে ব্যক্তিগতভাবে স্বীকার করেন যে, হামাস নেতাদের হত্যা করতে ওই হামলা ব্যর্থ হয়েছিল। সেই হামলায় কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তাসহ অন্তত ছয়জন নিহত এবং চারজন আহত হন। ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে সুসম্পর্ক থাকলেও, অতীতে ট্রাম্প মাঝেমধ্যেই ইসরাইলি প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন। বিশেষ করে ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের জয় স্বীকার করে নেওয়া এবং ইরানি জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার অভিযান থেকে সরে আসার অভিযোগ তুলে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেছিলেন। ওয়াল্টজ 'অপারেশন এপিক ফিউরি' চলাকালীন ইরানের বিচ্ছিন্ন হামলা সত্ত্বেও আমেরিকার উপসাগরীয় মিত্রদের ‘শক্ত অবস্থানে’ থাকার প্রশংসা করেন। তিনি ভবিষ্যদ্বাণী করেন যে, ইরানের ‘সব দিকে হামলা করার নীতি’ দীর্ঘমেয়াদে তাদের জন্যই বুমেরাং হবে। তিনি কাতারের উদাহরণ টেনে বলেন, কাতার আগে ইরানের সঙ্গে বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র শেয়ার করার কারণে একটি নিরপেক্ষ অবস্থান বজায় রাখত, কিন্তু এখন ইরান তাদের হাসপাতাল, হোটেল, বন্দর ও বিমানবন্দরে হামলা চালানোর পর কাতার ইরানকে ‘ঘোষিত শত্রু’ হিসেবে গণ্য করছে। ওয়াল্টজ আরও বলেন, কয়েক মাস আগে উপসাগরীয় আরব দেশগুলো নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত থাকলেও এখন তারা ‘পুরোপুরি ঐক্যবদ্ধ’। তিনি স্মরণ করিয়ে দেন, চলতি মাসের শুরুতে জাতিসংঘে ইরানকে নিন্দা জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। রাশিয়া ও চীন সেই প্রস্তাবে ভেটো দেওয়ার সুযোগ পেলেও তারা তা করেনি, যা ইরানকে আন্তর্জাতিকভাবে কতটা বিচ্ছিন্ন তা প্রমাণ করে।
এইচ বি বা