প্রকাশিত

০৮/০৪/২০২৬ ০৪:৩৩:৪৪ অপরাহ্ন

দেশজুড়ে

গাজীপুরে ডাকাতের হামলায় গৃহবধূর মৃত্যু

গাজীপুরে ডাকাতের হামলায় গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ০৮/০৪/২০২৬ ০৪:৩৩:৪৪ অপরাহ্ন

ছবি: ।

গাজীপুরের একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে বাধা দেওয়ায় ডাকাতের আক্রমণে আসমা আক্তার (৫৫) নামে এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।


মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে সদর উপজেলার পিরুজালী গ্রামের আনিছুর রহমান নামে এক নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতদল হানা দেয়। ডাকাতরা বাড়িতে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় বলে জানান পরিবারের সদস্যরা।


নিহত আসমা আক্তারে গাজীপুর সদরের পিরুজালী মধ্যপাড়া এলাকার আনিছুর রহমানের স্ত্রী।


স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বিদ্যুৎবিহীন ছিল পুরো গ্রাম। ডাকাতরা বাড়িটিতে হানা দিলে বাড়ির লোকজন টের পেয়ে যায়। এ সময় বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আসবাবপত্র ভেঙে টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। বাধা দিলে আসমা আক্তারকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ সময় আহত আরও এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।


নিহতের স্বামী আনিছ বাড়ির পাশের একটি প্রতিষ্ঠানে নৈশপ্রহরী হিসেবে কাজ করেন এবং আসমা আক্তারের ছেলে সাকিব হোসেন পিরুজালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী। ঘটনার সময় তারা দুজনেই কর্মস্থলে ছিলেন।


পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, শুনেছি, ডাকাতের কাজে বাধা দেওয়ায় এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।


জয়দেবপুর থানার ওসি নয়ন কর জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এটা ডাকাতি নাকি অন্য কোনো ঘটনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।





এইচ বি বা