প্রকাশিত

১৯/০৪/২০২৬ ০৪:১৬:৫৯ অপরাহ্ন

দেশজুড়ে

ফেনীতে প্রায় ২ লাখ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

ফেনীতে প্রায় ২ লাখ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা

প্রকাশিত: ১৯/০৪/২০২৬ ০৪:১৬:৫৯ অপরাহ্ন

ছবি: ।

ফেনীতে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। জেলায় ১ লাখ ৯৩ হাজার ৪২১ শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।



রোববার (১৯ এপ্রিল ) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।


সিভিল সার্জন জানান, সম্প্রতি হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সারা দেশের ন্যায় ফেনী জেলায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০ এপ্রিল শুরু হচ্ছে। এ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি সব শিশুকে ১ ডোজ এম আর টিকা প্রদান করা হবে।


১১ কর্মদিবসব্যাপী এই ক্যাম্পেইনের প্রথম ৮ কর্মদিবস কমিউনিটি ও পরবর্তী ৩ কর্মদিবস শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান করা হবে।


টিকাদান ক্যাম্পেইনে ফেনী জেলার কমিউনিটিতে লক্ষ্যমাত্রা ১ লাখ ৬৫ হাজার ২২৯ ও শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ্যমাত্রা ২৮ হাজার ১৯২। যার মোট লক্ষ্যমাত্রা ১ লাখ ৯৩ হাজার ৪২১ জন।


সোমবার থেকে প্রতি কর্মদিবসে ফেনী জেলার ৭টি স্থায়ী ও ১০৯৮টি অস্থায়ী টিকাদান কেন্দ্রসহ মোট ১১০৫টি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি সব শিশুদের ১ ডোজ এম আর টিকা প্রদান করা হবে।


যারা ইতোপূর্বে রুটিন ইপিআই টিকাদান কর্মসূচির আওতায় ২ ডোজ এম আর টিকা নিয়েছেন তাদেরসহ ৬ থেকে ৫৯ মাস বয়সি সব শিশুকে এই ক্যাম্পেইনে ১ ডোজ এম আর টিকা প্রদান করা হবে।


প্রতিটি অস্থায়ী কেন্দ্রে ২ জন টিকাদানকারী ও ৩ জন স্বেচ্ছাসেবী এবং স্থায়ী কেন্দ্রগুলোতে ১ জন টিকাদানকারী ও ১ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।


টিকা গ্রহণের জন্য vaxEPI.gov.bd এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে ক্যাম্পেইনের পাশাপাশি রুটিন ইপিআই কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকবে বলে জানান সিভিল সার্জন।


সংবাদ সম্মেলনে ফেনী জেলা তথ্য কর্মকর্তা এসএম আল আমিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইমাম হোসেন, ডা. আমির খশরু তারেকসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





এইচ বি বা