প্রকাশিত

২৩/০৫/২০২৬ ০৭:০৯:০০ অপরাহ্ন

দেশজুড়ে

‘ডোনাল্ড ট্রাম্পকে’ প্রতিদিন চার বেলা গোসল ও চার বেলা খাওয়ান খামারি জিয়াউদ্দিন মৃধা

‘ডোনাল্ড ট্রাম্পকে’ প্রতিদিন চার বেলা গোসল ও চার বেলা খাওয়ান খামারি জিয়াউদ্দিন মৃধা

প্রকাশিত: ২৩/০৫/২০২৬ ০৭:০৯:০০ অপরাহ্ন

ছবি: ।

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে বাংলাদেশে পশুর হাটে এক বিচিত্র ও বিরল মহিষকে নিয়ে শোরগোল পড়ে গেছে। সাদাটে বা ‘অ্যালবিনো’ রঙের প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটির কপালে রয়েছে সোনালী চুলের ঝুটি, যা হুবহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক হেয়ারস্টাইলের কথা মনে করিয়ে দেয়। আর এ কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি ভাইরাল হওয়া এই মহিষটির নাম দেওয়া হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।


আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।


রাজধানী ঢাকার নিকটবর্তী নারায়ণগঞ্জ জেলার একটি খামারে বড় হওয়া এই বিরল মহিষটিকে দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত উৎসুক মানুষ খামারে ভিড় করছেন। অনেকেই এই সেলিব্রিটি মহিষের সাথে সেলফি ও ভিডিও তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন।


খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা রয়টার্সকে জানান, "আমার ছোট ভাই এই মহিষটির নাম রেখেছে 'ডোনাল্ড ট্রাম্প', কারণ এর মাথার সামনের অংশের চুলগুলো দেখতে একদম ডোনাল্ড ট্রাম্পের মতো।"


তিনি আরও বলেন, "দেখতে যেমনই হোক না কেন, স্বভাবের দিক থেকে মহিষটি অত্যন্ত শান্ত। এটি মূলত একটি 'অ্যালবিনো' (ধবল) মহিষ। এ ধরনের প্রাণীরা সাধারণত খুব ভদ্র প্রকৃতির হয় এবং কেউ উসকানি না দিলে এরা কখনো আক্রমণাত্মক হয়ে ওঠে না।"


খামার মালিক জানান, এই বিশেষ মহিষটির পেছনে প্রতিদিন বাড়তি যত্ন ও মনোযোগ দিতে হয়েছে। ঈদুল আজহার আগে এর স্বাস্থ্য ও শারীরিক গঠন ঠিক রাখতে দিনে চারবার গোসল করানো হতো এবং খাবার দেওয়া হতো চার বেলা।


জিয়াউদ্দিন মৃধা আরও জানান, ব্যতিক্রমী এই মহিষটি ইতিমধ্যেই ঈদে কোরবানির জন্য এক ক্রেতার কাছে বিক্রি হয়ে গেছে এবং তা যথাসময়ে তাঁর কাছে পৌঁছেও দেওয়া হয়েছে।


সাধারণত বাংলাদেশে কালো রঙের মহিষই বেশি দেখা যায়, তাই এই ক্রিম রঙের শরীর, কালচে-গোলাপী নাক আর লম্বা সোনালী চুলের মহিষটি একদমই বিরল। কোরবানির ঈদের জন্য প্রস্তুত করা হাজার হাজার গবাদিপশুর মধ্যে এই মহিষটি তার অদ্ভুত রূপের কারণেই সহজেই সবার নজর কেড়েছে।


উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে কোরবানির ঈদের আগে বিভিন্ন বিশালাকৃতির বা অদ্ভুত দেখতে পশুর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা যায়। ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণ করতে খামারিরা প্রায়শই এসব পশুর নাম বিভিন্ন সেলিব্রিটিদের নামে রেখে থাকেন। তবে ডোনাল্ড ট্রাম্পের সাথে চেহারার মিল এবং এর শান্ত স্বভাবের কারণে এই মহিষটি এবার বিনোদনের অন্যতম বড় খোরাক জোগাল।




এইচ বি বা