ছবি: ।
কানাডা ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সহ-আয়োজক দেশ। বিশ্বকাপে এর আগে ছয়টি ম্যাচ খেলেছিল দেশটি। কিন্তু প্রতিবারই মাঠ ছাড়তে হয়েছে শূন্য হাতে, সঙ্গী হয়েছে কেবল হারের গ্লানি। তবে ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমে সেই হারের বৃত্ত ভাঙল ভাঙল তারা। টরন্টো স্টেডিয়ামে আজ জয় না পেলেও বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১–১ গোলের ড্রয়ে আদায় করে নিয়েছে এক পয়েন্ট। এতে ‘ইতিহাস’ গড়ল তারা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দলের সেরা তারকা আলফোনসো ডেভিসকে সাইডলাইনে রেখে খেলতে নামা কানাডার জন্য এই ড্র যেন কোনো জয়ের চেয়ে কম কিছু নয়। ম্যাচের শুরু থেকেই টরন্টোর গ্যালারি ছিল লাল-সাদা সমর্থকদের করতালিতে মুখর। কিন্তু স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে ম্যাচের ২১ মিনিটেই এগিয়ে যায় বসনিয়া। সাবেক আর্সেনাল ডিফেন্ডার সেয়াদ কোলাসিনাচের চমৎকার এক ফ্লিক থেকে খুব কাছ থেকে বল জালে জড়ান ইয়োভো লুকিচ। বুঝিয়ে দেন কেন ইতালিকে বিদায় করে ১২ বছর পর বিশ্বকাপ খেলছে বসনিয়া। গোল হজম করার পর অবশ্য তেড়েফুঁড়ে খেলতে শুরু করে কানাডা। প্রথমার্ধে লিয়াম মিলার উইং দিয়ে বেশ কিছু আক্রমণ শানালেও ফরোয়ার্ড লাইনে জোনাথন ডেভিডের ফর্মহীনতা এবং তানি ওলুয়াসেয়ির সহজ সুযোগ মিসের কারণে সমতায় ফেরা হয়নি স্বাগতিকদের। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের চিত্রনাট্য একই রকম ছিল। ৫২ মিনিটে রিচি লারিয়ার নিশ্চিত গোল লাইনের ওপর থেকে কোলাসিনাচ ফিরিয়ে দিলে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ে কানাডা। ঠিক তখনই ডাগআউটে মাস্টারস্ট্রোক খেলেন কানাডার আমেরিকান কোচ জেসি মার্শ। ৬০ মিনিটে একযোগে মাঠ থেকে তুলে নেন তার তিন মূল তারকা—জোনাথন ডেভিড, তাজন বুকানন ও লিয়াম মিলারকে। মাঠে নামান জ্যাকব শ্যাফেলবার্গ, আলী আহমেদ ও প্রমিজ ডেভিডকে। আর ৭৬ মিনিটে ওলুয়াসেয়ির বদলি হিসেবে নামানো হয় সাউদাম্পটনের ফরোয়ার্ড কাইল লারিনকে। কোচের এই সাহসী সিদ্ধান্ত ম্যাচের ভাগ্য বদলে দেয় মাত্র ১২১ সেকেন্ডের মধ্যে। ৭৮ মিনিটে মাঝমাঠ থেকে ইসমায়েল কোনের চমৎকার এক পাস নিয়ন্ত্রণে নিয়ে বসনিয়ান ডিফেন্ডারকে বোকা বানান লারিন। এরপর ডান পায়ের নিখুঁত ভলিতে বল জড়িয়ে দেন বসনিয়ার জালে। সমতা আসার পর পুরো টরন্টো স্টেডিয়াম যেন আইস হকির কোনো ফাইনালের মতো উন্মাতাল গর্জনে ফেটে পড়ে। ম্যাচের বাকি সময়টাতে তরুণ উইঙ্গার আলী আহমেদের গতিশীল ফুটবল বসনিয়ার রক্ষণভাগকে পুরোপুরি তটস্থ করে রেখেছিল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ ব্যবধানের এই ড্র নিয়ে মাঠ ছাড়ে কানাডা।
এইচ বি বা