ছবি: শুভ প্রতিদিন ১২-১১-২০২৫।
ঘড়ির কাটায় তখন সময় সকাল ৯টা। বাসা বাড়ি থেকে লোকজন বের হচ্ছেন ব্যবসা-বাণিজ্য, অফিস- আদালত কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে। এসময় চোখে পড়ে আখালিয়া এলাকার বিজিবি গেইটের সামনে রাস্তার পাশে রয়েছে বড় বড় ময়লার স্তুপ। নগরীর মদিনা মার্কেট থেকে সড়কের বিভিন্ন অংশে আশপাশে ছড়িয়ে আছে পঁচা সবজি, খাবারের উচ্ছিষ্ট, প্লাস্টিকসহ নানা বর্জ্য। তবুও সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার কোনো কার্যকর তদারকি চোখে পড়েনি। গত দুই দিন একই সময়ে এসব এলাকায় ঘুরে দেখা গেছে এমন চিত্র।
সরেজমিনে এই এলাকা ঘুরে দেখা গেছে, সিলেট সুনামগঞ্জ সড়কের মদিনা মার্কেট থেকে তেমুখী পর্যন্ত রাস্তার দু'পাশে বেশ কয়েকটি জায়গায় বড় বড় ময়লার স্তুপ। এসড়কের আশপাশের নিত্যদিনের চিত্র এটি। বাসা-বাড়ি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা ফেলা হয় সেসব স্তুপে। আর এসব ময়লার স্তুপ থেকে আসছে তীব্র দুর্গন্ধ। আর সেই দুর্গন্ধ সহ্য করে এ সড়ক দিয়েই প্রতিদিন হাজারো মানুষ চলাচল করতে হয়। তাই দুর্গন্ধ থেকে রেহাই পেতে নাক চেপে যাওয়া ছাড়া উপায় থাকে না এলাকাবাসী ও পথচারীদের।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা হলে তারা জানান, সিটি কর্পোরেশনের কর্মীরা রাতে যা সামনে পায় তা পরিষ্কার করে চলে যায়, কিন্তু রাস্তার পাশে যে ময়লা পড়ে থাকে, সেগুলোর দিকে কারো নজরই পড়ে না। একাংশ আবার দোষ দিচ্ছেন অসচেতন নাগরিকদের। বাসাবা-ড়ির ময়লা নির্দিষ্ট স্থানে না ফেলে রাস্তায় ফেলে দিচ্ছেন তারা, এই ভেবে যে সিটি কর্পোরেশনের লোক এসে পরিষ্কার করে দেবে। কিন্তু সেই পরিষ্কার আর হয় না, ফলে রাস্তাঘাট পরিণত হচ্ছে ময়লার ভাগাড়ে।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী আপ্তাব হোসেন বলেন, আখালিয়া এলাকায় সবসময় ময়লা পড়ে থাকে। সিটির লোকজন রাতে কিছুটা পরিষ্কার করে গেলেও পাশের ময়লাগুলো অছোঁয়া থেকে যায়। তারা যদি নির্দিষ্ট একটা জায়গা নির্ধারণ করত ময়লা ফেলার জন্য, তাহলে সবাই সেখানে ফেলত। এখন যেহেতু এমন জায়গা নেই, তাই মানুষ রাস্তার ধারে যেখানে-সেখানেময়লা ফেলে দিচ্ছে
সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখা সূত্রে জানা গেছে, বর্তমানে সিলেট শহরে প্রতিদিন প্রায় ৪৭৫ টন বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে সিটি
কর্পোরেশন মাত্র ২৫৫ টন সংগ্রহ করতে পারে। বাকিগুলো হয় ভাঙাড়িতে বিক্রি হয়, নয়তো বাসিন্দারা গর্তে, নদীতে বা ড্রেনে ফেলে দিচ্ছেন। প্রতিদিন প্রায় ৮-১০টন বর্জ্য ড্রেনে ফেলা হয়। বর্তমানে ৪২টি ওয়ার্ডের প্রত্যেকটিতে একজন করে সুপারভাইজার এবং প্রতিটি সুপারভাইজারের অধীনে পাঁচজন পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন। তাদের দৈনিক মজুরি ৬০০ টাকা। সেই হিসাবে প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্নতায় ব্যয় হয় ৩ হাজার টাকা। সেই হিসেবে ৪২টি সিটি ওয়ার্ডে নগর ভবনের খরচ ১ লাখ ২৬ হাজার টাকা।
এসব ব্যাপারে কথা হয় সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার প্রধান কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীনের সঙ্গে। নগরের মূল সড়কের অধিকাংশ পরিচ্ছন্ন রাখার নেপথ্য এই কারিগর বিষয়টি স্বীকার করে বলেন, আমরা চেষ্টা করছি নগরকে সুন্দর রাখতে।
তারপরও যদি কোথাও ময়লা-আবর্জনা থেকে যায়, ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি ওয়ার্ডে একজন সুপারভাইজার রয়েছেন। যদি কোনো এলাকায় ময়লা জমে থাকে, এর দায়িত্ব তাকেই নিতে হবে। অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি। যদি কাজে অবহেলা থাকে সেক্ষেত্রে সংশ্লিষ্টকে বরখাস্তও করা হয়। তিনি আরও জানান, সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য সংগ্রহ করার জন্য বর্তমানে ৬০টি ময়লাবাহী গাড়ি কাজ করছে, যেগুলো দিন ও রাতে ময়লা পরিবহনে নিয়োজিত থাকে। নতুন ১৫টি ওয়ার্ড সিটির সাথে যুক্ত হলেও ময়লাবাহী গাড়ি বর্জ্য শাখার যুক্ত হয়নি। ফলে ২৭টি ওয়ার্ডের সরঞ্জাম দিয়েই এখন ৪২টি ওয়ার্ডে কাজ চালাতে হচ্ছে। তাছাড়া প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি ময়লা ফেলার স্টেশন থাকা উচিত ছিল, কিন্তু বর্তমানে পুরো সিটিতে মাত্র ৫টি স্টেশন আছে। জায়গা অধিগ্রহণের জটিলতায় নতুন স্টেশন করা যাচ্ছে না। অনেকেই জায়গা দিতে চান না।
নাগরিক সহযোগিতার অভাবকেও বড় সমস্যা হিসেবে দেখছেন একলিম আবদীন। তিনি বলেন, স্থানীয় সমিতির উদ্যোগে বাসায় বাসায় গিয়ে ময়লা তোলার ব্যবস্থা করা হয়, কিন্তু মাস শেষে অনেকেই টাকা দিতে চান না। ফলে সেই বাড়ির ময়লা-আবর্জনা শেষ পর্যন্ত রাস্তায় বা উন্মুক্ত স্থানে ফেলা হয়। তিনি বলেন, আমরা নাগরিক সচেতনতা বাড়াতে নিয়মিত প্রচারণা চালাচ্ছি। জানুয়ারিতে ৬টি স্কুল ও ২টি কলেজে সচেতনতামূলক প্রোগ্রাম করার পরিকল্পনা আছে। সবাইকে অনুরোধ করছি- রাস্তা বা উন্মুক্ত স্থানে ময়লা না ফেলে পলিথিনে ভরে নির্দিষ্ট একটা স্থানে ফেলুন, এতে শহর পরিচ্ছন্ন থাকবে।
শুভ প্রতিদিন/এমকে