ছবি: শুভ প্রতিদিন।
২০০১ সালের ৩০ জুলাই প্রতিষ্ঠিত হয় সিলেট সিটি কর্পোরেশন। দীর্ঘ ২৪ বছর পেরিয়ে গেলেও নগরীর বহু এলাকায় এখনও দেখা যায় খোলা ড্রেন। অনেক জায়গায় ড্রেন থাকলেও অধিকাংশ স্থানে স্ল্যাব ভাঙা বা সম্পূর্ণ খোলা অবস্থায় রয়েছে। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য এসব খোলা ড্রেন যেন প্রাণঘাতী ফাঁদে পরিণত হয়েছে।বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
নগর ভবনে অভিযোগ দিয়েও লাভ হচ্ছে না
সিসিকের সেবার মান নিয়ে প্রশ্ন
নগর ভবনের প্রকৌশলী শাখা সূত্র জানায়, সিলেট নগরের ১৭ হাজার কি.মি জুড়ে ড্রেন রয়েছে। এরমধ্যে অনেকটাই সংস্কার কাজ চলছে, অনেক ড্রেনের কাজ চলমানও রয়েছে। নগরীর বিভিন্ন সড়ক ও পাড়ায় দেখা যায়-রাস্তার ধারে ড্রেনের মুখ খোলা পড়ে আছে। কোথাও আবার ভাঙা স্ল্যাব অর্ধেক ঝুলে আছে, সামান্য অসতর্কতায় ঘটছে দুর্ঘটনা। এ ছাড়া ময়লা-আবর্জনাপড়ে ড্রেন ভরাট হয়ে যায়। নগরীর মুন্সীপাড়া এলাকার মতিন মিয়া জানান, এ বিষয়ে অসংখ্য বার স্থানীয় কাউন্সিলার থাকতে বলা হয়েছে কিন্তু মুন্সীপাড়া এলাকার মধ্যে যে ড্রেন রয়েছে সেটির স্লাব বসানো সম্ভব হয়নি। ভবিষ্যতে হবে কিনা তাও বলতে পারছেন না তিনি।
স্থানীয়রা বলছেন, বারবার অভিযোগ জানানো হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে স্থায়ী সমাধান নেওয়া
হয়নি। সামান্য কিছু জায়গায় নতুন স্ল্যাব বসানো হলেও অধিকাংশ স্থানে আগের অবস্থাই রয়ে গেছে। পরিবেশ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, খোলা ড্রেন শুধু দুর্ঘটনার ঝুঁকি নয়, বরং এটি মশা ও নানা জীবাণুর বিস্তারের কারণ হয়ে উঠছে। এতে নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি মারাত্মকভাবে বাড়ছে।
এদিকে সচেতন নাগরিকরা বলছেন, সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার ২৪ বছর পরেও যদি একটি আধুনিক নগরের মৌলিক অবকাঠামো নিশ্চিত না হয়, তবে প্রশ্ন উঠবেই সেবার মান নিয়ে। তারা দ্রুত নগরের সব খোলা ড্রেন ঢেকে নিরাপদ ও পরিচ্ছন্ন শহর গড়ার দাবি জানান।এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর শুভবলেন, যে-সব এলাকায় ড্রেন নেই বা স্ল্যাব না থাকায় উন্মুক্ত অবস্থায় রয়েছে, সেসব জায়গায় ধাপে ধাপে কাজ করা হবে। আমরা পর্যায়ক্রমে সব জায়গায় ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করব।
শুভ প্রতিদিন/এমকে