সিলেটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
প্রকাশিত: ২৮/১১/২০২৬ ০৮:০৩:০৫ অপরাহ্ন
সিলেট মহানগরীর জালালাবাদ থানার পাঠানটুলা ও মইয়ারচর এলাকা থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শনিবার সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট মহানগর যুবলীগের ৮নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি জালালাবাদ থানার পাঠানটুলা দর্জিপাড়া এলাকার মৃত তজমুল আলীর ছেলে মো. রাসেল আলী (৪৬) ও মইয়ারচর এলাকার মৃত মকসুদ আহমদের ছেলে এবং সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইহতেশাম আহমদ মাআজ (২৩)জালালাবাদ থানাপুলিশ রাত সোয়া ১১টার দিকে রাসেল আলী ও রাত আড়াইটার দিকে মইয়ারচর থেকে মাআজকে গ্রেপ্তার করে।
রাসেল আলী জালালাবাদ থানায় ২০২৪ সালের ২২ আগস্ট বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার (নং ৪/১১১) তদন্তেপ্রাপ্ত সন্দিগ্ধ আসামি। এবং মাআজ গত ২ আগস্ট (২০২৬) জালালাবাদ থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার (নং ৩/১১৬) তদন্তেপ্রাপ্ত সন্দিগ্ধ আসামি।
তাদের দু’জনকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন।
কেএন



