সিলেটের শাহজালাল সেতু
দু'পাশে নেই স্ল্যাব, ঝুঁকিতে হাজারো পথচারী
প্রকাশিত: ১৮/১১/২০২৫ ১১:১৪:০০ পূর্বাহ্ন
ছবি: শাহজালাল সেতুর দুই পাশেই রয়েছে এভাবে বিপজ্জনক ফুটপাত।।
সিলেট নগরীর উপকণ্ঠে অবস্থিত শাহজালাল সেতু, যা আশির দশকে নির্মিত হয়েছিল। ঢাকাসহ সারা দেশ থেকে আগত যানবাহনের প্রধান প্রবেশমুখ হিসেবেই ব্যবহার করা হয় এই সেতুটি। প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত করে সেতুর দু'পাশ দিয়ে। কিন্তু কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতায় সেতুটি এখন পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, সেতুর দেখভাল করছে সড়ক ও জনপথ বিভাগ। বিভিন্ন সময় সংশ্লিষ্ট বিভাগ নতুন স্লাব বসালেও তা বেশিদিন টেকে না। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা স্লাব খুলে নিয়ে যায়। পরে সেগুলো ভেঙে ভিতরে থাকা লোহার রড বিক্রি করে তারা। তা ছাড়া নিম্নমানের সামগ্রী ব্যবহার হওয়ায় নতুন বসানো স্লাবও খুব দ্রুত ভেঙে যায়। আর এসব খোলা অংশ যেন মরণ ফাঁদ আর এ ফাঁদে পড়ে ইতোমধ্যেই অনেকে আহত হয়েছেন বলেও জানা যায়।
সরেজমিনে দেখা যায়, সেতুর দু'পাশের বেশিরভাগ জায়গায় স্ল্যাব নেই। কংক্রিটের তৈরি যে স্মাবগুলো পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার কথা সেগুলো অধিকাংশ অংশেই ভাঙা বা খুলে নেওয়া হয়েছে। খোলা জায়গাগুলো এখন দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। এসময় কথা হয় পথচারী জাবুর হোসেনের সাথে। তিনি বলেন, শাহজালাল সেতু সিলেট নগরের একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ। অথচ বছরের পর বছর নিরাপত্তা ঝুঁকি থেকেই যাচ্ছে। দ্রুত স্লাব বসানো ও স্মাব চুরি রোধে স্থায়ী ব্যবস্থা না নিলে বড়ো দুর্ঘটনা ঘটতে পারে। আরেক পথচারী নাজমুল হোসেন বলেন, নিম্নমানের স্মাব বসানোর কারণেই দুর্বৃত্তরা সহজে এগুলো তুলে নিয়ে যায়। এখানে উচ্চমানের স্ল্যাব বসানো দরকার। পাশাপাশি সিসিটিভি নজরদারি থাকলে ভালো হবে।
এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) সিলেটের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সালাহ্ উদ্দিন সোহাগ বলেন, আমরা খুব শিগগিরই ব্যবস্থা গ্রহণ করব। বিভিন্ন সময় নতুন স্মাব বসালেও তা রাতের আধারে চুরি হয়ে যায়। বিষয়টি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জরুরি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জননিরাপত্তার স্বার্থে পুলিশ সবসময় কাজ করছে। আমাদের টহল দল সেতুসহ আশপাশের এলাকা নজরদারিতে রাখছে। তবে স্ল্যাব চুরির ঘটনা মাঝে মাঝে ঘটে, যা ঠেকাতে সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বয় দরকার।
শুভ প্রতিদিন/এমকে