প্রকাশিত

২৫/১১/২০২৫ ০২:৪৪:২০ অপরাহ্ন

সিলেট জুড়ে

পরিত্যক্ত ভবনে চলছে অফিস, জন সমাগম

প্রকাশিত: ২৫/১১/২০২৫ ০২:৪৪:২০ অপরাহ্ন

ছবি: সিলেটের পরিত্যক্ত কালেক্টরেট ভবন-৩ এর ভেতরে লোকজনের অবস্থানের দৃশ্য । এর উপরে সাইনবোর্ডে লেখা আছে ভবনটি ব্যবস্থা না করার জন্য অনুরোধ করা হইল।।

সময় তখন সকাল ১১টা। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করে কালেক্টরেট ভবন-৩-এরদিকে এগোতেই চোখে পড়ে-একটি কক্ষের সামনে কয়েকজন যুবক দাঁড়িয়ে আছেন। ধারণা করা যায়- সরকারি কোনো কাজে এসেছেন। কৌতূহল থেকে একটু ভেতরে অগ্রসর হলে দেখা যায়, সদর কোর্টের মালখানা অফিসের সামনে তারা দাঁড়িয়ে রয়েছে। মালখানা অফিসে বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীও কাজ করছেন। তাদের দায়িত্বে রয়েছেন সেখানকার ইনচার্জ মো. আব্দুল হান্নান চৌধুরী। অথচ এই ভবনটি বেশ আগে থেকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। ভবনের সামনে
সাঁটানো গণপূর্ত বিভাগের নোটিশে স্পষ্ট লেখা-"ভবনটি ঝুঁকিপূর্ণ বিধায় পরিত্যক্ত ঘোষণা করা হইয়াছে। ভবনটি ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো।" কিন্তু বাস্তবে ঘটছে সম্পূর্ণ উলটো। ভবনটি প্রতিদিনই খোলা হয়, নিয়মমাফিক চলছে অফিসের কার্যক্রম। যেখানে কর্মকর্তাদের যেমন বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা আছে, তেমনি ঝুঁকির মুখে পড়েছে গুরুত্বপূর্ণ নথিপত্রও।
সরেজমিন ভবনের চারপাশ ঘুরে দেখা যায় সর্বত্র ফাটলের চিহ্ন। ভেতরে প্রবেশ করলে দেখা মেলে মালখানা ছাড়া অন্যান্য কক্ষ তালাবদ্ধ। তবে মালখানা অফিসে কর্মরতরা নিয়মিত বসে কাজ করছেন। এক কক্ষে তিনজন কর্মকর্তা-কর্মচারীনথিপত্র সাজাচ্ছেন, পাশের কক্ষে বসেন ইনচার্জ। ভবনটির নিরাপত্তায় রয়েছে একজন পুলিশ সদস্যও। কিন্তু তাদের সবার মাঝেই রয়েছে আতঙ্কের ছাপ। ভবনে কর্মরত কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা প্রতিদিনই ঝুঁকি নিয়ে কাজ করছেন। ভবনটি জেলা প্রশাসনের হওয়ায় এ বিষয়ে তারা প্রকাশ্যে কিছু বলতে চান না। সিলেট সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী, এই ভবনটি তাদের তালিকা অনুযায়ী ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। তবে বাস্তবে ভবনটির কার্যক্রম এখনো চালু রয়েছে। সিটি কর্পোরেশনের তালিকা অনুযায়ী সিলেটে 'উচ্চ ঝুঁকিপূর্ণ' ভবন রয়েছে মোট ২৪টি। এর মধ্যে ৬টি ভবন সংস্কার ও মেরামত করা হয়েছে, বাকিগুলোতে এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা এসব ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে রয়েছে বাণিজ্যিক ভবন, মার্কেট, আবাসিক ভবন ও সরকারি স্থাপনা। সিটি কর্পোরেশন সূত্র জানায়, নগর এলাকায় মোট ভবনের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৬৩১টি। এর মধ্যে সাত বা তার বেশি তলার ভবন রয়েছে ৪৩৯টি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত সিলেট বিভাগে অন্তত সাতটি ভূমিকম্পের উৎপত্তিস্থল শনাক্ত হয়েছে, যেগুলোর মাত্রা ছিল রিখটার স্কেলে ২ দশমিক ৮ থেকে ৪ দশমিক ৫।
পাশাপাশি গত দুই বছরে সিলেট ও আশপাশের এলাকায় দেড় শতাধিক ভূকম্পন অনুভূত হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ও
ইনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদ বলেন, সিলেটে অনেক ভবনই অপরিকল্পিতভাবে নির্মিত এবং কাঠামোগতভাবে দুর্বল।
অনেক জায়গায় অনুমোদন ছিল দুইতলা, কিন্তু নির্মাণ করা হয়েছে চারতলা বা তার বেশি। ভূমিকম্পপ্রবণ এলাকায় এ ধরনের পরিস্থিতি ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।
ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে যে-কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ শুভ প্রতিদিনকে জানান, অতি দ্রুত এই ভবনটি ভেঙে ফেলা হবে। তবে সদর কোর্টের মালখানা কোথায় স্থানান্তর করা হবে, সে বিষয়ে তিনি এখনই কিছু বলতে পারছেন না।



শুভ প্রতিদিন/এমকে