ছবি: সিলেট সিটি করপোরেশন কর্তৃক ঝুঁকিপূর্ণ ঘোষিত দুটি ভবন। নতুন রঙে সেজেছে বামে রাজা ম্যানশন ও ডানে মহিলা অধিদপ্তর।।
#ঠায় দাঁড়িয়ে থাকা ভবন সিসিকের তালিকায় 'অপসারিত' #ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের সিদ্ধান্ত কাগজেই সীমাবদ্ধ #ভবন ভাঙার সিদ্ধান্তে কপাল খোলে প্রকৌশল শাখার সিলেট সিটি কর্পোরেশনের ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা অনুযায়ী 'অফিস নথিতে' মোট চারটি ভবন অপসারণের কথা উল্লেখ থাকলেও বাস্তবে এর সত্যতা মিলেনি। কর্পোরেশনের প্রকাশিত নথিতে কালেক্টরেট ভবন-৩, পৌর বিপণি এবং পৌর শপিং সেন্টার-এই তিনটি ভবনকে অফিসের নথিতে 'অপসারিত' হিসেবে দেখানো হলেও সরেজমিন গিয়ে দেখা যায়, সবগুলো ভবনই অক্ষত অবস্থা ঠায় দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, কালেক্টরেট ভবন-৩-এএখনো নিয়মিত অফিস কার্যক্রম চলছে, যেখানে নোটিশ অনুযায়ী ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা ছিল। ঝুঁকিপূর্ণ ঘোষণা সত্ত্বেও ভবনগুলো এখনও থাকার বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। কাগজে-কলমে অপসারণ দেখানো হলেও বাস্তবে ভবনগুলো ভেঙে না ফেলা-এটিকি তদারকির অভাব, নাকি লোক দেখানো, এমন প্রশ্ন এখন সাধারণ মানুষের মাঝেও ঘুরপাক খাচ্ছে। সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে দাঁড়িয়ে থাকা 'রাজা ম্যানশন'। সিলেট বাসীর কাছে ঐতিহ্যবাহী একটি ভবন। সিলেটের রাজা পরিবারের সম্পত্তি হিসেবে এর রয়েছে এক ধরনের আলাদা মর্যাদা। সেই বংশের পূর্বপুরুষ মরমি কবি হাছন রাজার নামও এর সঙ্গে জড়িয়ে আছে। বহুদিন ধরেই ভবনটি ঝুঁকিপূর্ণ বলে জানা যায়। তবুও ঝুঁকিপূর্ণ এই ভবনে প্রতিদিন হাজারো মানুষের জীবনের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। কাগজে-কলমে ঝুঁকিপূর্ণ ঘোষিত হলেও বাস্তবে ভবনটি এখনো ব্যবহৃত হচ্ছে, চলছে ব্যাবসা-বাণিজ্য, প্রতিনিয়ত প্রবেশ করছে অসংখ্য ক্রেতা। জানা যায়, রাজা পরিবারও একসময় ভবনটি ভেঙে নতুন করে নির্মাণের চিন্তা করেছিল। কিন্তু ব্যবসায়ীদের আপত্তি আর নানা জটিলতায় সেই উদ্যোগ আর বাস্তবায়ন হয়নি। খোঁজ নিয়ে জানা যায়, ভবনটি ভাঙার প্রস্তাব উঠলে ব্যবসায়ীদের একটি অংশ এর বিরোধিতা করে। তারা ভবন ছাড়তে অনিচ্ছুক হওয়ায় কাজ এগোয়নি। এমনকি অভিযোগ রয়েছে-সেই সময় ভবনটি ভাঙা ঠেকাতে সিটি কর্পোরেশনের কিছু প্রকৌশলীকে বড় অঙ্কের ‘হাদিয়া’ দেওয়া হয়েছিল। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী এই তথ্য নিশ্চিত করেন। সরেজমিন ঘুরে দেখা যায়, ভবনটিতে নতুন করে রঙ করা হয়েছে। বাইরের রঙে ভবনকে কিছুটা নতুন রূপ দেওয়ার প্রয়াস থাকলেও দেয়াল ও কাঠামোর ভেতরকার বাস্তবতা পালটায়নি। ভবনের বিভিন্ন অংশে স্পষ্ট দেখা যায় ফাটল। কোথাও কোথাও বড় চিড় ধরেছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকেই গেছে। ক্রেতাদের মাঝেও রয়েছে অস্বস্তি ও আতঙ্ক। লোকমান নামের একজন ক্রেতা জানান, তিনি নিয়মিত বই কেনার জন্য রাজা ম্যানশনে যান, কিন্তু প্রতিবারই এক ধরনের ভয় কাজ করে-মনে হয় হঠাৎ ভবনটি ভেঙে পড়তে পারে। সাব্বির নামে আরেক ক্রেতা বলেন, ভবনটির বিভিন্ন জায়গায় বড় বড় ফাটল রয়েছে। মালিকপক্ষ যদি ভবনটি ভেঙে নতুন করে তৈরি করে দেয়, তাহলে ব্যবসায়ী ও ক্রেতা-দু’পক্ষেরই নিরাপত্তা নিশ্চিত হবে। নিরাপদ বলে দাবি কর্তৃপক্ষের সিলেটের জেল রোড পয়েন্টে অবস্থিত মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের অফিসে প্রতিদিন শহর ও জেলায় বিভিন্ন জায়গা থেকে নারী ও পরিবারের সদস্যরা নানা সেবা নিতে আসেন। কিন্তু সিলেট সিটি কর্পোরেশন যে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রকাশ করেছিল, সেখানে এই ভবনটির নামও ছিল। সরেজমিন দেখা যায়, ভবনের কিছু অংশে নতুন সংস্কারের ছাপ রয়েছে। ভেতরে কর্মকর্তা–কর্মচারীরা নিয়মিত দাপ্তরিক কাজ করছেন। ভবনের ভেতর-বাহির ঘুরে তেমন কোনো ফাটল বা ক্ষতচিহ্ন চোখে পড়েনি। এখানে কর্মরত ব্যক্তিরা জানান, ঝুঁকিপূর্ণ ঘোষণার পর ভবনটি সংস্কার করা হয়েছে, ফলে এখন আর কোনো ঝুঁকি নেই। মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক শাহিনা আক্তার জানান, সিটি কর্পোরেশন ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পর বিষয়টি গুরুত্বসহকারে দেখা হয়। এরপর সিটি কর্পোরেশনের একটি দল এবং গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা ভবনটি সরেজমিন পরিদর্শন করে। পরিদর্শনে তারা কিছু অংশ মেরামত ও সংস্কারের পরামর্শ দেন। সেই পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করা হয়। তিনি বলেন, বর্তমানে এই ভবনটিতে কোনো ঝুঁকি নেই। যেসব জায়গায় সমস্যা ছিল, সবই মেরামত করা হয়েছে। এখন ভবনটি নিরাপদ, নিয়মিত অফিস কার্যক্রমও স্বাভাবিকভাবেই চলছে।
সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবরের সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাইলে তিনি জানান, যেগুলো তালিকায়
অপসারিত দেখানো আছে, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। কিন্তু সরেজমিনের বাস্তবতা জানালে তিনি স্বীকার করেন, হয়তো ভাঙা হয়নি, তবে প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হবে। পৌর বিপণি ও পৌর শপিং সেন্টার আদৌ অপসারণ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সব ভবনই ভেঙে ফেলা হবে, সিটি কর্পোরেশন ব্যবস্থা নিচ্ছে। অন্যদিকে মাঠপর্যায়ের দৃশ্য বলছে সম্পূর্ণ বিপরীত কথা। যে ভবনগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করা হয়েছিল, সেগুলোতে এখনো সাধারণ মানুষ চলাচল করছে, চলছে ব্যাবসা-বাণিজ্য ও সরকারি কাজ। যে ভবনগুলোকে কাগজে 'পরিত্যক্ত' ও 'অপসারণকৃত' দেখানো হয়েছে, সেসব ভবনই এখনো দাঁড়িয়ে।
সরেজমিন রাজা ম্যানশনসংস্কার করে ঝুঁকিমুক্ত মহিলা বিষয়ক অধিদপ্তর
শুভ প্রতিদিন/এমকে