প্রকাশিত

০৮/১২/২০২৫ ০৬:০৫:২৫ অপরাহ্ন

সিলেট জুড়ে

বিয়ানীবাজারে জুলাই হত্যা মামলার আসামিদের সাথে ইউএনও'র ফটোশেসন

প্রকাশিত: ০৮/১২/২০২৫ ০৬:০৫:২৫ অপরাহ্ন

ছবি: ।

জুলাই আন্দোলন পরবর্তী দায়ের হওয়া হত্যা মামলার একাধিক আসামির সাথে বিয়ানীবাজারের বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম মুস্তাফা মুন্নার ছবি তোলা নিয়ে সমালোচনা দেখা দিয়েছে।

রবিবার দুপুর থেকে এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

জানা যায়, বিয়ানীবাজারের উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্নাকে সম্প্রতি বদলি করা হয়েছে। রবিবার ছিল বিয়ানীবাজারে তার শেষ কর্মদিবস। এদিন দুপুরে তার সাথে সাক্ষাৎ করতে আসেন উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আহবাবুর রহমান খান শিশু, শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য জহুর উদ্দিন, কুড়ার বাজার ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা তুতিউর রহমান তুতা। তাদের সাথে অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও ছিলেন।

এরমধ্যে আহবাবুর রহমান খান শিশুর বিরুদ্ধে হত্যা, বিস্ফোরকসহ ৩টি মামলা, জহুর উদ্দিনের বিরুদ্ধে হত্যা মামলা ও তুতিউর রহমান তুতার বিরুদ্ধে দু’টি মামলা রয়েছে। এসব মামলায় পলাতক থাকায় উপজেলা পরিষদের কোন সভা কিংবা রাষ্ট্রীয় কর্মসূচিতে তারা অনুপস্থিত থাকতেন।

রোববার উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাক্ষাতের ছবি ফেসবুকে শেয়ার করেন চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু।

ছবি শেয়ার করে নিজের ফেসবুক আইডি থেকে তিনি লিখেন- ‘বিয়ানীবাজার উপজেলার সুযোগ্য ইউএনও গোলাম মুস্তফা মুন্না মহোদয়কে বিদায় জানাতে। অনেক ভালো মনের একজন অফিসার ছিলেন। যেখানেই যান না কেন আপনার কাজ ও আপনাকে মনে থাকবে। আপনার প্রতি ভালোবাসা ও দোয়া রইলো।’

এ বিষয়ে জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক আবু তাহের মো: তুরাবের ভাই আবু জাফর বলেন, প্রশাসনে থাকা এমন দোসরদের কারনে জুলাই শহীদদের আত্মা কষ্ট পাবে। পলাতক আসামিরা কেমন করে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাক্ষাৎ করে ফটোশেসন করে?

হেফাজতে ইসলামের একাংশের বিয়ানীবাজারের সভাপতি মুফতি আব্দুল কারীম হাক্কানী বলেন, যে আসামিরা রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকে, তারা আবার ব্যক্তিগত কাজে উপজেলা প্রশাসনে ঘুরাফেরা করে। তারমানে, তারা অভ্যুত্থানে পাওয়া সরকারকে অসহযোগিতা করছে।

জুলাই আন্দোলনে নিহত শহীদ ময়নুল হোসেনের স্ত্রী শিরিন বেগম বলেন, আসামীরা প্রকাশ্যে ঘুরছে আর পুলিশ বলছে তাদের পাওয়া যাচ্ছে না। এ কেমন আইন বলে প্রশ্ন রাখেন তিনি।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী জানান, আসামিরা উপজেলা প্রশাসনে এসেছিল বলে তাদের কাছে কোন তথ্য নেই।

বিয়ানীবাজার ২০২৪ সালের জুলাই-আগস্ট পরবর্তী তিনটি হত্যাসহ মোট ৪টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মাথিউরা ইউপি চেয়ারম্যান মো: আমান উদ্দিন কারাগারে থাকায় তাকে বরখাস্ত করেছে মন্ত্রনালয়। কিন্তু অপর ইউপি চেয়ারম্যানরা বহাল আছেন।

এ বিষয়ে বিদায়ী ইউএনও গোলাম মুস্তাফা মুন্না জানান, আসামি হিসেবে তারা আসেননি। সৌজন্য সাক্ষাতে এসেছিলেন।

তবে এই ইউনিয়ন চেয়ারম্যানদের দাবি, কেবল আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততার কারণে তাদের হত্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।


শুভ প্রতিদিন/এমকে