ছবি: ।
সিলেটে প্রতিমাসে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ার প্রবণতা থাকলেও গত নভেম্বর মাসে তা কিছুটা কমেছে। তবে এ মাসে সড়ক দুর্ঘটনার সংখ্যার দিক থেকে সিলেট বিভাগ শীর্ষে রয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের গণমাধ্যম পর্যবেক্ষণে এসব তথ্য উঠে এসেছে। সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন। সংগঠনের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে সিলেটসহ সারাদেশে মোট ৫২৬টি সড়ক দুর্ঘটনায় ৫০৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮৯৯ জন। একই সময়ে রেলপথে ৪৪টি দুর্ঘটনায় ৪০ জন নিহত হয়েছেন। নৌপথে ৭টি দুর্ঘটনায় ৬ জন নিহত এবং ৪ জন নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৭৭টি দুর্ঘটনায় ৫৫৩ জন নিহত এবং প্রায় ৯০০ জন আহত হয়েছেন।
নভেম্বর মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৮৯ জন আহত হয়েছেন। যদিও এ মাসে সামগ্রিকভাবে হতাহতের সংখ্যা কিছুটা কম, তবে দুর্ঘটনার সংখ্যার দিক থেকে সিলেট বিভাগ এগিয়ে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যাত্রী কল্যাণ সমিতির হিসাবে, এই মাসে মোট ১৯৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২০১ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার প্রায় ৩৮.৬৯ শতাংশ, মোট নিহতের ৪১.১০ শতাংশ এবং মোট আহতের ২০.৮২ শতাংশ।
আহত ও নিহতদের পরিচয় বিশ্লেষণে দেখা যায়, সড়ক দুর্ঘটনায় আক্রান্তদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চালক, পথচারী, পরিবহন শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, নারী ও শিশু রয়েছেন। নিহতদের মধ্যেও পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্য, চিকিৎসক, সাংবাদিক, পরিবহনের চালক, পথচারী, নারী, শিশু ও শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ সময় সড়ক দুর্ঘটনায় জড়িত মোট ৭৪৬টি যানবাহনের পরিচয় শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল, ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান ও লরি, বাস, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা, নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা এবং কার-জিপ-মাইক্রোবাস উল্লেখযোগ্য।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, বেশিরভাগ দুর্ঘটনা গাড়ি চাপা দেওয়ার ঘটনায় ঘটেছে। এছাড়া মুখোমুখি সংঘর্ষ, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া, ট্রেন ও যানবাহনের সংঘর্ষসহ বিভিন্ন কারণে দুর্ঘটনা ঘটেছে।
স্থানভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নভেম্বর মাসে সংঘটিত দুর্ঘটনার একটি বড় অংশ জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ঘটেছে। পাশাপাশি ফিডার রোড, মহানগর এলাকা এবং রেলক্রসিংয়েও দুর্ঘটনার ঘটনা নথিভুক্ত হয়েছে।
শুভ প্রতিদিন/এমকে