জানুয়ারিতে সাংবিধানিক সংস্কার, শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: শিশির মনির
প্রকাশিত: ২২/১১/২০২৬ ০৬:২৬:২১ অপরাহ্ন
আগামী জানুয়ারিতে বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতে ইসলামীর নেতা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া ও বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির বিষয়েও কথা বলেছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় সুনামগঞ্জের দিরাই পৌর শহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স রুমে দিরাই প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
শিশির মনির বলেন, বর্তমানে রাষ্ট্র সংস্কার নিয়ে যে কার্যক্রম চলছে, তা মূলত প্রস্তুতিমূলক কাজ। এখনো বাস্তবায়নের পর্যায়ে পৌঁছায়নি। সংশ্লিষ্ট প্রতিবেদন প্রকাশের পর এসব উদ্যোগ বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। রাষ্ট্রকাঠামোর মৌলিক পরিবর্তন ছাড়া ভবিষ্যৎ বাংলাদেশে নানা নেতিবাচক উপাদান থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই রাষ্ট্রকে কার্যকর ও জবাবদিহিমূলক ব্যবস্থায় রূপান্তর করতে সংস্কার জরুরি।
তিনি বলেন, এই সংস্কার কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের পক্ষে-বিপক্ষে নয়। এটি সামগ্রিক রাষ্ট্রব্যবস্থার স্বার্থে নেওয়া উদ্যোগ। দেশের প্রতিটি নাগরিকের উচিত সংস্কারপ্রক্রিয়া নিয়ে ভাবা এবং এতে সহযোগিতা করা।
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে শিশির মনির বলেন, তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তিই গুরুত্বপূর্ণ আইনি পথ। এ চুক্তির আওতায় বাংলাদেশ সরকারকে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাতে হয়। বাংলাদেশ সরকার এ পর্যন্ত তিন দফা অনুরোধ পাঠিয়েছে বলে তিনি উল্লেখ করেন। এসব অনুরোধের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
কেএন



