মোটরসাইকেল রেখে সড়ক বেরিকেট
বিজয় দিবসে শিবিরের কর্মসূচিতে জনভোগান্তি
প্রকাশিত: ১৬/১২/২০২৫ ০৩:৩১:০০ অপরাহ্ন
ছবি: মোটরসাইকেলে করে একজন যেতে চাইলে বাধা দিচ্ছেন এক যুবক, নগরীর রিকাবিবাজার থেকে তোলা।
মহান বিজয় দিবসের সকালে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে নগরীর গুরুত্বপুর্ণ সড়কের একটি লেনে তিনটি মোটরসাইকেল রেখে প্রায় ২০ মিনিট সড়ক বেরিকেট দিয়ে রাখা হয়। সড়কের একটি লেন বন্ধ করে দেওয়ায় সৃষ্টি হয় তীব্র যানজট ও ভোগান্তি। বিষয়টি নিয়ে ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যরাও বিভ্রান্তিতে পড়েন। সরেজমিনে দেখা যায়, মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে ‘ভিক্টরি রান উইথ সিলেট সিটি শিবির’ কর্মসূচি চলাকালে নগরীর রিকাবিবাজার থেকে চৌহাট্টা অভিমুখী সড়কের একটি লেন তিনটি মোটরসাইকেল দিয়ে বেরিকেট দেওয়া হয়। দুই লেনের গুরুত্বপূর্ণ এই সড়কে এক পাশ সম্পূর্ণ বন্ধ থাকায় সাধারণ মানুষ, বিশেষ করে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাওয়া পথচারী ও যানবাহনগুলো বিপাকে পড়ে। ঘটনাস্থলে দেখা যায়, কয়েকজন যুবক সড়কে দাঁড়িয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছেন। কেউ ওই দিক দিয়ে যেতে চাইলে তাদের বলা হচ্ছিল, ‘এদিকে যাওয়া যাবে না, অন্য পাশ দিয়ে যান।’ কেন রাস্তা বন্ধ করা হয়েছে-এমন প্রশ্নে তারা কোনো সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি। এ সময় পাশে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বললে তারাও প্রথমে হতবাক হয়ে পড়েন। দায়িত্বরত এক পুলিশ সদস্য এ প্রতিবেদককে জানান, কয়েকজন এসে বলেছে এখানে ম্যারাথন হবে, তাই রাস্তা বন্ধ রাখতে হবে। এর বাইরে আর কিছু বলতে পারেননি তিনি। পরে ওই পুলিশ সদস্য নিজেই সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রকৃত কারণ জানতে চাইলে তারাও বিস্তারিত জানাতে অনাগ্রহ প্রকাশ করেন। শুধু জানান, ‘প্রশাসনের অনুমতি রয়েছে।’ ঘটনার বিষয়ে জানতে চাইলে ছাত্রশিবিরের মহানগর শাখার কলেজ সম্পাদক মুজাহিদুল ইসলাম রাজন জানান, রাস্তা বন্ধ করার কোনো সিদ্ধান্ত তাদের কর্মসূচির অংশ ছিল না। তিনি দাবি করেন, এর আগে জেলা প্রশাসনের একটি র্যালি ওই সড়ক দিয়ে গেছে, সম্ভবত সেটির কারণেই রাস্তা বন্ধ রাখা হয়েছিল। তিনি জানান, শিবিরের কর্মসূচি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়েছে, রিকাবিবাজারের দিকে যাওয়ার কোনো কথা ছিল না। তবে কর্মসূচিতে বিপুলসংখ্যক ছাত্র অংশগ্রহণ করায় কেউ হয়ত নিজের উদ্যোগে এমনটি করে থাকতে পারে বলে জানান তিনি। বিষয়টিতে দুঃখ প্রকাশ করে মুজাহিদুল ইসলাম রাজন জানান, ভবিষ্যতে যাতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সে বিষয়ে তারা সতর্ক থাকবেন।
শুভ প্রতিদিন/এমকে