বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কেমুসাস বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী সম্পন্ন
প্রযুক্তির এই যুগেও বইয়ের গুরুত্ব অপরিসীম: বিভাগীয় কমিশনার
প্রকাশিত: ১৭/১২/২০২৫ ০৯:১৫:০০ অপরাহ্ন
ছবি: ।
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, প্রকৃত জ্ঞানার্জনের জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। বই মানুষকে আলোকিত করে,
চিন্তাশীল করে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করে। প্রযুক্তির এই যুগেও
বইয়ের গুরুত্ব অপরিসীম। বরং বই পড়ার অভ্যাস আমাদের সৃজনশীলতা ও
মননশীলতাকে আরও সমৃদ্ধ করে।
এ কারণেই বইমেলার গুরুত্ব অপরিসীম। বইমেলা শুধু বই কেনাবেচার স্থান নয়-
জ্ঞানচর্চার উৎসব। বইমেলা করে বইপ্রেমীদের জন্য একটি উৎসবের আমেজ তৈরি
করে দিতে হবে, যাতে নতুন প্রজন্ম বইয়ের প্রতি আকৃষ্ট হয় এবং পাঠাভ্যাস
গড়ে তোলে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ১৯তম কেমুসাস
বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি
এসব কথা বলেন।
খান মো. রেজা-উন-নবী আরো বলেন, বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে এক
অবিস্মরণীয় দিন। এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই সকল বীর
মুক্তিযোদ্ধাদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও
সার্বভৌম বাংলাদেশ। দেশপ্রেম একটি চেতনা। দেশপ্রেম থাকতে হবে সকলের মনে।
আমরা সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য নিজেকে বিলিয়ে দিই, তাহলে
এই দেশ অনেক দূর এগিয়ে যাবে- এতে কোনো সন্দেহ নেই। সততা, নিষ্ঠা ও
দায়িত্ববোধের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখাই হোক আমাদের অঙ্গীকার।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মো. মসউদ
খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদের সাহিত্য ও গবেষণা
সম্পাদক, বইমেলা উপকমিটির সদস্য সচিব কামরুল আলম।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন ১৯তম কেমুসাস বইমেলার নিবেদিত
ব্যক্তি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি কবি রাগিব হোসেন
চৌধুরী ও সংসদের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার
মোহাম্মদ আব্দুর রকিব (কবি রকিব আল হাফিজ), সিলেট প্রেসক্লাবের সাবেক
সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন-নূর, এবং
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- সংসদের কোষাধ্যক্ষ ও বইমেলা উপকমিটির
আহ্বায়ক জাহেদুর রহমান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- কেমুসাসের
সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান এ এইচ
মাহমুদ রাজা চৌধুরী, সহসভাপতি সৈয়দ মুহিবুর রহমান, সহসাধারণ সম্পাদক
অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, বইমেলা উপ কমিটির সদস্য অ্যাডভোকেট কবি
কামাল তৈয়ব।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী নাসিম আফনান ও
দেশাত্ববোধক গান পরিবেশন করেন সৃজনী সাহিত্য সংসদের সভাপতি শরিফ আহমদ।
অনুষ্ঠানের শেষে কেমুসাস বইমেলায় আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের
মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এমকে