ছবি: ।
হবিগঞ্জের মাধবপুরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার এক অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৯। একই অভিযানে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, ভিকটিম মাধবপুর উপজেলার জগদীশপুর জে.সি হাইস্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী। দীর্ঘদিন ধরে অভিযুক্ত যুবক স্কুলে যাওয়া-আসার পথে তাকে উত্ত্যক্ত করছিল। এ বিষয়ে পরিবার থেকে আপত্তি জানানো হলেও অভিযুক্তের আচরণ আরও বেড়ে যায়। একপর্যায়ে ভিকটিম স্কুল ও প্রাইভেট পড়া বন্ধ করে দেয়।
গত ৬ নভেম্বর সকালে অভিযুক্ত স্বপন মিয়া ছুরি দেখিয়ে ভিকটিমকে ভয়ভীতি প্রদর্শন করে ঘর থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়। পরে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে আশঙ্কা করা হয়, তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। এ ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে মাধবপুর থানায় মামলা করেন।
মামলার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মো. স্বপন মিয়া (১৮)কে গ্রেপ্তার করে এবং ভিকটিমকে উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত স্বপন মিয়া বাহুবল উপজেলার সোয়াইয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৯(১) ধারায় মামলা রয়েছে।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার শহিদুল ইসলাম বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
শুভ প্রতিদিন/এমকে