ছবি: ।
সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় ‘অনলাইনে জুয়া’ খেলার সময় তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় দক্ষিণ সুরমা থানাধীন খোজারখলা এলাকার ইলিশ রেস্তোরাঁর সামনে থেকে তাদের আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মাদ সাইফুল ইসলাম প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার আহমদপুর এলাকার আবু তাহেরের ছেলে রিপন আহমেদ (৩৩), একই উপজেলার বকডহর এলাকার বারো মিয়ার ছেলে আবুল হোসেন (৪২) ও সুনামগঞ্জের বিশ্বম্ভপুরের হাফিজ উদ্দিনের ছেলে মো. মোতাহের (৪০)।
পুলিশ জানায়, শনিবার খোজারখলা এলাকার ইলিশ রেস্তোরাঁর সামনে অভিযান চালানো হয়। এ সময় অনলাইনে ‘তীর শিলং’ জুয়া খেলার অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মাদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শুভ প্রতিদিন/এমকে