প্রকাশিত

২৪/১২/২০২৫ ০৩:৫৪:০০ অপরাহ্ন

খেলাধুলা

ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে, সর্বোচ্চ ২ হাজার, সর্বনিম্ন ২০০ টাকা

সিলেট পর্ব দিয়ে ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল

প্রকাশিত: ২৪/১২/২০২৫ ০৩:৫৪:০০ অপরাহ্ন

ছবি: ।

##স্বল্প পরিসরে হবে উদ্বোধনী অনুষ্ঠান
##প্রথম দিনের ম্যাচের সূচিতে পরিবর্তন, ম্যাচ শুরু হবে বিকেল ৩টায়
##হাদীর মৃত্যুতে পালন করা হবে নীরবতা
দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমকালো আয়োজন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আবারও ফিরছে সিলেট পর্ব দিয়ে। দীর্ঘ সাত বছর পর শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে শুরু হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট উৎসব। এর আগে সর্বশেষ ২০১৭ সালে সিলেট পর্ব দিয়েই বিপিএলের যাত্রা শুরু হয়েছিল। এবার দ্বাদশ আসরের সূচনাও হচ্ছে একই ভেন্যু থেকে।
সিলেটে খেলা মানেই ক্রীড়াপ্রেমীদের বাড়তি উচ্ছ্বাস, আর সেই সঙ্গে টিকিটের ব্যাপক চাহিদা। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কালোবাজারি ঠেকাতে এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সিলেট পর্ব ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত ২১ ডিসেম্বর থেকেই প্রথম দিনের অনুষ্ঠিত ম্যাচের সব টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। এতে করে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ হবে বলে আশাবাদী বিসিবি।

এক টিকিটেই দুই ম্যাচ, সর্বনিম্ন ২০০ টাকা

বিপিএলের সিলেট পর্বে প্রতিদিন একই মাঠে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। একটি টিকিট দিয়েই দর্শকরা উপভোগ করতে পারবেন দিনের দুটি ম্যাচ। সর্বনিম্ন ২০০ টাকা দিয়েই বিপিএল দেখার সুযোগ থাকছে এবার। গ্যালারির ধরন অনুযায়ী টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত। গ্র্যান্ড স্ট্যান্ডের (আপার ইস্ট, আপার ওয়েস্ট, লোয়ার ইস্ট ও লোয়ার ওয়েস্ট) প্রতিটি আসনের টিকিটের মূল্য ২ হাজার টাকা। ক্লাব হাউস (আপার) টিকিটের দাম ৫০০ টাকা। সবচেয়ে কম দামে ম্যাচ দেখার সুযোগ থাকছে শহীদ তুরাব স্ট্যান্ড এবং গ্রিন গ্যালারি বা গ্রিন হিল এলাকায়-যেখানে টিকিটের দাম ২০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ২৫০ টাকায়। এছাড়া ক্লাব হাউসের ‘জিরো ওয়েস্ট জোন’-এর টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।

২৬ ডিসেম্বর শুরু, চলবে ২ জানুয়ারি পর্যন্ত

সিলেট পর্বে বিপিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত। তবে ২৮ ও ৩১ ডিসেম্বর কোনো ম্যাচ নেই। দ্বাদশ বিপিএলের উদ্বোধনী দিনে মাঠে নামবে স্বাগতিক দল সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স।
উদ্বোধনী উপলক্ষ্যে ম্যাচ শুরুর আগে অথবা দুই ম্যাচের মাঝের বিরতিতে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশের জনপ্রিয় কয়েকটি ব্যান্ড দল অংশ নিতে পারে বলে জানা গেছে। উদ্বোধনী আয়োজনের কারণে প্রথম দিনের ম্যাচের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে বিকাল ৩টায় করা হয়েছে। এছাড়া দুই ইনিংসের মাঝে থাকবে ২০ মিনিটের বিরতি। এ বিষয়ে বিসিবির কর্মকর্তা ইফতেখার রহমান সাংবাদিকদের জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরিকল্পনায় কিছু পরিবর্তন আনতে হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি একটু চ্যালেঞ্জিং। আমাদের বারবার পরিকল্পনা বদলাতে হচ্ছে। ২৪ তারিখে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান সম্ভব না হওয়ায় ২৬ তারিখ ম্যাচের দিনই সংক্ষিপ্ত পরিসরে আয়োজন করা হবে। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। সম্প্রতি ওসমান হাদীর মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হবে। পাশাপাশি দুই ম্যাচের মাঝের বিরতিতে আয়োজন করা হবে একটি কনসার্ট।
সার্বিক বিষয়ে বিসিবির পরিচালক রাহাত শামস বলেন, দীর্ঘ দিন পর সিলেট পর্বের মাধ্যমে বিপিএলের সূচনা হবে। আমরা এটাকে সুন্দর, জমকালো ও স্মরণীয় করে রাখতে চাই। বিপিএল আয়োজনে বিসিবি কোন কমতি রাখবে না।

শুভ প্রতিদিন/এমকে