যারা যারা মনোনয়নপত্র সংগ্রহ করলেন
সিলেটে ছয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৩৪ জন
প্রকাশিত: ২৫/১২/২০২৫ ০৮:০৭:০০ অপরাহ্ন
ছবি: ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর সিলেটের ছয়টি সংসদীয় আসনে এখন পর্যন্ত মোট ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সিলেট-৩ আসনে সবচেয়ে বেশি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া সিলেট-২, সিলেট-৩ ও সিলেট-৬ আসনে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ সংক্রান্ত এ তথ্য নিশ্চিত করা হয়।
নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সিলেট-১ আসনে মোট ৫টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এ আসনে বিএনপি থেকে খন্দকার আব্দুল মুক্তাদির, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে হাবিবুর রহমান, গণ অধিকার পরিষদ থেকে আকমল হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) থেকে সঞ্চয় কান্ত দাস ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে এহতেশামুল হক মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সিলেট-২ আসনে সংগ্রহ করা হয়েছে ৬টি মনোনয়নপত্র। বিএনপি থেকে মনোনয়ন সংগ্রহ করেন মোছা. তাহসিনা রশিদ ও মো. আবরার ইলিয়াছ। এ আসনে খেলাফত মজলিশ থেকে মুহাম্মদ মুনতাছির আলী, গণ অধিকার পরিষদ থেকে মাইজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে হাফিজ লুৎফুর রহমান এবং গণফোরাম থেকে তারিকুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সবচেয়ে বেশি ৯টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে সিলেট-৩ আসনে। এ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নূরুল হুদা জুনেদ, জাতীয় পার্টি (জিএম কাদের) থেকে মোহাম্মদ আতিকুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোস্তাকিম রাজা চৌধুরী ও মইনুল বাকর, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে লোকমান আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিশ থেকে দিলওয়ার হোসাইন, বিএনপি থেকে মোহাম্মদ আব্দুল মালিক ও মো. আব্দুস সালাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. রেদওয়ানুল হক চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সিলেট-৪ আসনে মোট ৫টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এ আসনে গণ অধিকার পরিষদ থেকে জহিরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মো. রাসেল উল আলম, বিএনপি থেকে আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিশ থেকে আলী হাসান ও জাতীয় পার্টি (জিএম কাদের) থেকে মোহাম্মদ মুজিবুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সিলেট-৫ আসনে সংগ্রহ করা হয়েছে ৫টি মনোনয়নপত্র। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন মামুনুর রশিদ ও মো. জাকির হোসেন। এ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম থেকে উবায়দুল্লাহ ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিশ থেকে মোহাম্মদ আবুল হাসান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে হাফিজ মো. আনোয়ার হোসেন খান মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সিলেট-৬ আসনে মোট ৪টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এ আসনে বিএনপি থেকে হোসেন খান হেলানা ও ইমরান আহমদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. ফখরুল ইসলাম ও গণ অধিকার পরিষদ থেকে অ্যাডভোকেট জাহিদুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেন।
শুভ প্রতিদিন/এমকে