ঢাকার ম্যাচ শুরুর আগে মাঠে হার্ট অ্যাটাকে সহকারী কোচের মৃত্যু
প্রকাশিত: ২৭/১২/২০২৫ ০২:০১:০০ অপরাহ্ন
ছবি: ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগমুহূর্তে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করার কথা ছিল ঢাকা ক্যাপিটালসের।
ম্যাচ শুরুর আগে ক্রিকেটারদের নিয়ে মাঠে গা গরম করাচ্ছিলেন মাহবুব আলী জাকি। অনুশীলন সেশন পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাঠেই লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে মাঠে তাকে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। জানা গেছে, হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
বিপিএল সামনে রেখে মাত্র কয়েক দিন আগেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন মাহবুব আলী জাকি। শনিবার ছিল ঢাকা ক্যাপিটালসের এবারের আসরে প্রথম ম্যাচ। তবে সেই ম্যাচের আগমুহূর্তেই না ফেরার দেশে পাড়ি জমালেন দলের এই সহকারী কোচ।
উল্লেখ্য, জাতীয় দলের সাবেক পেসার মাহবুব আলী জাকি খেলোয়াড়ি জীবন শেষ করে কোচিংয়ে যুক্ত হন। ঘরোয়া ক্রিকেটে তার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি মাশরাফি বিন মর্তুজা ও তাসকিন আহমেদের মতো ক্রিকেটারদের সঙ্গেও কাজ করেছেন। এছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচিং প্যানেলেও দায়িত্ব পালন করেন এই অভিজ্ঞ কোচ।
শুভ প্রতিদিন/এমকে