প্রকাশিত

২৮/১২/২০২৫ ১১:০০:০৭ পূর্বাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে ছয় আসনে ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশিত: ২৮/১২/২০২৫ ১১:০০:০৭ পূর্বাহ্ন

ছবি: ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম জোরেশোরে চলছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সিলেটে মোট ৪৯টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র বিতরণ হয়েছে সিলেট-৩ আসনে।
শনিবার (২৭ ডিসেম্বর) সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এ সংক্রান্ত তথ্য নিশ্চিত করা হয়। আগ্রহী প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সিলেট-১ আসনে মোট ৯টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), খেলাফত মজলিস, বাসদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থীরা।
সিলেট-২ আসনে ৮টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এখানে বিএনপির একাধিক প্রার্থী ছাড়াও খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, গণফোরাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সবচেয়ে বেশি মনোনয়নপত্র বিতরণ হয়েছে সিলেট-৩ আসনে। এ আসনে ১০টি মনোনয়নপত্র বিতরণ করা হয়। এরমধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি (জিএম কাদের), বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবেও একাধিক ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সিলেট-৪ আসনে মোট ৮টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বিএনপি, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় পার্টি (জিএম কাদের), বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্র প্রার্থী।
সিলেট-৫ আসনে ৭টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এখানে স্বতন্ত্র প্রার্থী ছাড়াও জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মুসলিম লীগ এবং জাতীয় পার্টির প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সিলেট-৬ আসনে মোট ৭টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এ আসনে বিএনপির একাধিক প্রার্থী ছাড়াও স্বতন্ত্র, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টির প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

শুভ প্রতিদিন/এমকে