আগামীকাল মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষদিন
সিলেটের ছয় আসনে ৫৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ, জমা পড়েছে ১টি
প্রকাশিত: ২৮/১২/২০২৫ ০৭:২৯:১৭ অপরাহ্ন
ছবি: ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সিলেটের ছয়টি সংসদীয় আসনে রোববার পর্যন্ত এসব আসনে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দলীয় প্রার্থীদের পাশাপাশি ৭ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তফশিল অনুযায়ী সোমবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন।
সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করছেন। রোববার (২৮ ডিসেম্বর) সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় মনোনয়নপত্র বিতরণ ও দাখিল সংক্রান্ত এ তথ্য নিশ্চিত করেছে। নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সিলেট-১ আসনে মোট ১০টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, এর মধ্যে একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সিলেট-২ আসনে ১০টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সবচেয়ে বেশি ১১টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে সিলেট-৩ আসনে। সিলেট-৪ আসনে মোট ৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সিলেট-৫ আসনেও ৮টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এছাড়া সিলেট-৬ আসনে মোট ৯টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।
শুভ প্রতিদিন/এমকে