দীর্ঘ ১৭ বছর মানুষ ভোটের পরিবেশ ভুলেই গিয়েছিল : আরিফুল হক চৌধুর
প্রকাশিত: ৩০/১২/২০২৫ ১১:০৯:৫৩ পূর্বাহ্ন
ছবি: ।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে আবার একটি নির্বাচনি পরিবেশ ফিরে আসছে। এই দীর্ঘ সময়ে মানুষ ভোটের পরিবেশ প্রায় ভুলেই গিয়েছিল। কিন্তু এবার ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে, তা সত্যিই আশাব্যঞ্জক।
তিনি বলেন, যদি বর্তমান স্বাভাবিক পরিবেশ বজায় থাকে এবং সবকিছু সঠিকভাবে পরিচালিত হয়, তাহলে আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।
আরিফুল হক চৌধুরী বলেন, ব্যক্তিগত নিরাপত্তা আল্লাহর ওপর নির্ভর করে, তবে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনায় রয়েছে। অতীতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন নিশ্চয়ই তাদের বিবেক ও দায়িত্ববোধ থেকে বিষয়গুলো গুরুত্বসহকারে দেখবে।
তিনি বলেন, স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন একভাবে দেখা যায় না। জাতীয় নির্বাচনের প্রভাব অনেক বেশি। বিগত ১৭ বছরে জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র নির্ধারণে নানা বৈষম্য দেখা গেছে। যেসব এলাকায় ভোটার বেশি কিংবা আমাদের পক্ষে নয়-সেসব এলাকার ভোটারদের পাঁচ থেকে সাত কিলোমিটার, কোথাও কোথাও আট কিলোমিটার দূরে ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষের জন্য ভোট দেওয়া কঠিন হয়ে পড়ে।
তিনি বলেন, সিলেটের কিছু ইউনিয়নে ভোট দিতে গেলে দুর্গম পথ পাড়ি দিতে হয়, যেখানে রাস্তা বা যানবাহনের ব্যবস্থা নেই। এতে ভোটাররা চরম ভোগান্তির শিকার হন। যেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা দুর্বল, সেখানে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মতো করে সহজে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
আরিফুল হক চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনে সাধারণত ৪৫ থেকে ৫৫ শতাংশ ভোট পড়ে। কিন্তু এবার দীর্ঘদিন পর মানুষ ভোট দিতে পারলে ভোটের হার ৭০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে বলে তিনি আশা করছেন। তবে সুষ্ঠু ভোট পরিবেশ ও সহজ যাতায়াত নিশ্চিত না হলে সেই সম্ভাবনা ব্যাহত হতে পারে।
শুভ প্রতিদিন/এমকে