জামায়াত একটি ব্যতিক্রমী ও সর্ববৃহৎ জোট হিসেবে আত্মপ্রকাশ করেছে : সেলিম উদ্দিন
প্রকাশিত: ৩০/১২/২০২৫ ১১:১০:৪৮ পূর্বাহ্ন
ছবি: ।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সিলেট-৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সিলেট জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঁচটি আসনে ও জোটের পক্ষ থেকে একটি আসনে প্রার্থী দেওয়া হয়েছে। এভাবে সিলেটের ছয়টি সংসদীয় আসনে মনোনয়ন দাখিল সম্পন্ন হচ্ছে। তিনি বলেন, এবারের রাজনৈতিক জোট বাংলাদেশের ইতিহাসে একটি ব্যতিক্রমী ও সর্ববৃহৎ জোট হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমরা প্রত্যাশা করি, সিলেটবাসীসহ সারাদেশের জনগণ এই জোটের প্রতি তাদের আস্থা ও সমর্থন জানাবেন। জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে আল্লাহর রহমতে আগামী দিনে দেশ সেবার সুযোগ এই জোট পাবে।
নিরাপত্তার বিষয়ে সেলিম উদ্দিন বলেন, সাম্প্রতিক সময়ে হাদি হত্যাকাণ্ডসহ বিভিন্ন স্থানে এনসিপি নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। প্রধান উপদেষ্টা ঈদের উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের কথা বললেও, এসব ঘটনার পর খুনিদের তাৎক্ষণিক গ্রেপ্তার না করা এবং আট ঘণ্টা পর সীমান্ত সিলগালা করার বিষয়টি আমাদের বিস্মিত করেছে। তিনি বলেন, যদি সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হয়, অবৈধ অস্ত্র উদ্ধার না হয় এবং নির্বাচনে সত্যিকার অর্থে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত না করা যায়, তাহলে উদ্বেগ থেকেই যাবে। আমরা আশা করি সরকার ও নির্বাচন কমিশন এসব বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবেন, যাতে একটি সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনি পরিবেশ নিশ্চিত হয়।
জোটের চূড়ান্ত সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে জোটের লিয়াজোঁ কমিটি অন্যান্য শরিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়।
তিনি আরও বলেন, নির্বাচন একটি বড় জাতীয় উৎসবের মতো। মানুষ সেই উৎসবে অংশ নিতে আগ্রহী। কিন্তু যদি উৎসবের মাঠে নিরাপত্তা নিশ্চিত না থাকে এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা সুযোগ পায়, তাহলে সেই উৎসবের আনন্দ ম্লান হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই সবার জন্য সমান সুযোগ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।
শুভ প্রতিদিন/এমকে