নিজেদেরকে দেশের সম্পদ হিসেবে রূপান্তর করতে হবে : উপমহাপরিচালক মো. জিয়াউল হাসান
প্রকাশিত: ৩০/১২/২০২৫ ১১:১৯:৩০ পূর্বাহ্ন
ছবি: ।
আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো. জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস বলেছেন, একজন খাঁটি সুনাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে এবং শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে সামাজিক শিষ্টাচার, বিবেক, মূল্যবোধ, সততা ও নৈতিকতা চর্চার মাধ্যমে নিজেদেরকে দেশের সম্পদ হিসেবে রূপান্তর করতে হবে এবং অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে ১৪ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বাহিনীর মহাপরিচালকের গৃহীত বিভিন্ন উন্নয়ন ও সংস্কার কার্যক্রম তুলে ধরেন এবং প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে যোগ্য ও দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলার নির্দেশনা প্রদান করেন।
বক্তব্যের শুরুতে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত প্রশিক্ষণার্থীদের উক্ত কোর্সে স্বাগত জানিয়ে তিনি বাহিনীর ইতিহাস, ঐতিহ্য, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের সম্যক ধারণা দেন।
তিনি তুলনামূলকভাবে সুবিধাবঞ্চিত অঞ্চল থেকে আগত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, অত্যন্ত দৃঢ় মানসিকতা নিয়ে স্বপ্ন, প্রজ্ঞা ও অধ্যবসায়ের মাধ্যমে এই প্রশিক্ষণের বিভিন্ন মডিউলের জ্ঞান অর্জন করতে হবে। পাশাপাশি বাহিনীর অ্যাডভান্স কোর্সসহ বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে, যাতে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে সামগ্রিকভাবে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখা যায়।
উপমহাপরিচালক বলেন, আনসার ও ভিডিপি সদস্যরা সমাজের তৃণমূল পর্যায় থেকে উঠে এসে নিজ নিজ এলাকায় সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে মুখ্য ভূমিকা পালন করে আসছেন। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো প্রয়োজনে জনগণের পাশে দাঁড়িয়ে দেশ সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদান অনস্বীকার্য। এ সময় ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণে আনসার সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ স্পষ্টভাবে তুলে ধরেন এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
তিনি আরও বলেন, বর্তমান মহাপরিচালকের কল্যাণধর্মী উদ্যোগের অংশ হিসেবে প্রশিক্ষণকে আরও যুগোপযোগী ও কার্যকর করার লক্ষ্যে নতুন উদ্যমে এ প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। এ সময় তিনি মহাপরিচালকের সৃজনশীল, প্রজ্ঞাবান ও কল্যাণধর্মী উদ্যোগ-‘সঞ্জীবন’ ও ‘প্রান্তিক শক্তি’ কর্মসূচি নিয়ে বিশদ আলোচনা করেন।
উপমহাপরিচালক প্রশিক্ষণার্থীদের ‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’-এই মূলমন্ত্র ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। তিনি বলেন, আনসার ওয়েলফেয়ার ট্রাস্টকে একটি শক্তিশালী, যুগোপযোগী ও কল্যাণধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হচ্ছে, যার সুফল সবাই ভোগ করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট মো. শাহনেওয়াজ, সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার এবং সার্কেল এডজুট্যান্ট ফারুক হোসেইন।
উল্লেখ্য, এ প্রশিক্ষণে সিলেট জেলার ১৩টি উপজেলা থেকে শতাধিক আনসার প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।
শুভ প্রতিদিন/এমকে