প্রকাশিত

০১/০১/২০২৬ ১২:১৫:৩৬ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে বেড়েছে শীতের কাঁপুনি

প্রকাশিত: ০১/০১/২০২৬ ১২:১৫:৩৬ অপরাহ্ন

ছবি: ।

সিলেটে গত কয়েক দিন ধরে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় আচ্ছন্ন আকাশ, দিনের বড় একটি সময় সূর্যের দেখা মিলছে না। সকাল-সন্ধ্যার ঠান্ডা হাওয়ার সঙ্গে বাড়তি ভোগান্তি তৈরি করেছে বাতাসের অতিরিক্ত আর্দ্রতা। এমন শীতের তীব্রতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সিলেট আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার (৩১ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সিলেটসহ উত্তর-পূর্বাঞ্চলে ঠান্ডা বাতাসের প্রবাহ বাড়ছে, এতে শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, বুধবার সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি ও রোববার ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তিনি জানান, বর্তমানে সিলেটে শৈত্যপ্রবাহ চলছে না। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় শীতের অনুভূতি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হচ্ছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও শীত অনুভূতি বেশি হচ্ছে।


শুভ প্রতিদিন/এমকে