ছবি: ।
নতুন বছরের পাঠ্যবই পৌঁছাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের বই বোঝাই একটি ট্রাক। বিদ্যালয়ে প্রবেশের সময় মূল ফটকের সামনের ড্রেনের ভাঙা স্লাব ভেঙে ট্রাকের একটি চাকা ড্রেনে ঢুকে উলটে যায়। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে বইয়ের কোনো ক্ষয়ক্ষতি না হলেও ট্রাকের আংশিক ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিক্ষার্থীদের নতুন পাঠ্যবই নিয়ে একটি ট্রাক বিদ্যালয়ে প্রবেশ করছিল। এ সময় বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ড্রেনের ওপর থাকা ভাঙা স্লাবে ট্রাকের একটি চাকা উঠলে সেটি ভেঙে যায়, এতে চাকা ড্রেনে ঢুকে পড়ে। এতে ট্রাকটি কাত হয়ে পড়ে।
স্থানীয় অভিভাবকরা জানান, বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরেই ড্রেনের স্লাব ভাঙা অবস্থায় রয়েছে। প্রতিদিন শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। এর আগেও এখানে ছোটোখাটো দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও সিটি কর্পোরেশন কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ট্রাকচালক জানান, অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রায় ১৪ টন বই নিয়ে তিনি বিদ্যালয়ে আসেন। এ সময় সামনে থাকা আরেকটি গাড়িকে বাঁচাতে গিয়ে ট্রাকটি সামান্য বাঁক নিলে ড্রেনের ভাঙা স্লাব ভেঙে চাকা নিচে পড়ে যায়। তিনি আরও জানান, বইয়ের কোনো ক্ষতি হয়নি, তবে ট্রাকের ক্ষতি হয়েছে।
এ বিষয়ে জানতে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হ্যাপি বেগমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।
শুভ প্রতিদিন/এমকে