প্রকাশিত

০৩/০১/২০২৬ ১২:২০:০৩ অপরাহ্ন

সিলেট জুড়ে

নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : তথ্য উপদেষ্টা

প্রকাশিত: ০৩/০১/২০২৬ ১২:২০:০৩ অপরাহ্ন

ছবি: ।

তথ্য, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার ও সংবাদমাধ্যম একসঙ্গে কাজ করলে ভোট নিয়ে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে সিলেট প্রেসক্লাবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন বলেন, দীর্ঘ প্রায় ১৬ বছর পর দেশে একটি প্রকৃত ভোটের আয়োজন হচ্ছে, যেখানে সরকারের কোনো পক্ষপাতমূলক অবস্থান নেই। একটি স্বৈরাচারী শাসনব্যবস্থার পতনের পর গণঅভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে এই নির্বাচন আয়োজন করা হচ্ছে।
তিনি আরও বলেন, পরাজিত শক্তি কিছু বাধা সৃষ্টি করতে পারে, তবে তাদের পক্ষে কোনো জনসমর্থন নেই। জনগণকে সঙ্গে নিয়ে এসব চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ভোটের সময় বাংলাদেশে স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তেজনা থাকে। সে কারণেই শুরু থেকেই সাংবাদিকদের সঙ্গে যুক্ত হয়ে আতঙ্কের পরিবেশ দূর করার চেষ্টা চলছে। এর পেছনে রয়েছে পরাজিত শক্তি। তবে সরকার শান্তিপূর্ণভাবে ভোট আয়োজন করতে বদ্ধপরিকর।
উপদেষ্টা বলেন, নির্বাচন আয়োজনের নির্দিষ্ট নিয়ম ও সময়সূচি মেনে কাজ করতে হয়। এরই অংশ হিসেবে সারা দেশে ‘ভোটের গাড়ি’, উঠান বৈঠক, বাজারভিত্তিক সভা এবং গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে জনগণের কাছে বিস্তারিতভাবে তুলে ধরার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং এটি আরও বিস্তৃত আকারে চলবে।
রিজওয়ানা হাসান বলেন, ভয় দেখানোই তাদের উদ্দেশ্য, কিন্তু সেই উদ্দেশ্য সফল হতে দেওয়া যাবে না। ইতিবাচক শক্তি ও সংগঠিত প্রতিরোধের মাধ্যমেই অপশক্তিকে মোকাবেলা করতে হবে। তিনি বলেন, সংবাদমাধ্যম অতীতের নিপীড়নের অভিজ্ঞতাগুলো জনগণের সামনে তুলে ধরলে সমাজ আরও সচেতন হবে।
সম্প্রচার সংস্কার ও গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে তিনি বলেন, হাতে সময় স্বল্প হলেও অন্তত একটি অধ্যাদেশ জারি করার জন্য সর্বাত্মক চেষ্টা করব।


শুভ প্রতিদিন/এমকে