প্রকাশিত

০৪/০১/২০২৬ ১২:৩১:০২ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটের ১৯ আসনে ১৪৬ প্রার্থীর মনোনয়ন যাচাই বাতিল ৩৫, স্থগিত ৫, বৈধ ১০৬

প্রকাশিত: ০৪/০১/২০২৬ ১২:৩১:০২ অপরাহ্ন

ছবি: ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে দাখিল করা ১৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই শেষে ৩৫ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। বিভিন্ন তথ্য ও নথিগত ঘাটতির কারণে ৫ জন প্রার্থীর মনোনয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে। বাকি ১০৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে সিলেট জেলায় ৭ জন, সুনামগঞ্জে ১৩ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজারে ৫ জন রয়েছেন। দ্বৈত নাগরিকত্ব বাতিল সংক্রান্ত তথ্যের ঘাটতি ও প্রয়োজনীয় নথি না থাকায় স্থগিত থাকা প্রার্থীদের বিষয়ে মনোনয়ন যাচাইয়ের শেষ দিনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে দাখিল করা ৪৭টি মনোনয়নপত্রের মধ্যে ৭ জনের মনোনয়ন বাতিল এবং ৫ জনের মনোনয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে। গতকাল শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তারকার্যালয়ে যাচাই-বাছাই শেষে এসব সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের। তিনি জানান জানান, দ্বৈত নাগরিকত্ব বাতিল সংক্রান্ত কাগজপত্রে ঘাটতি থাকা প্রার্থীদের বিষয়ে পরবর্তী দিনে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।
রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, সিলেট-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী এহতেশামুল হকের যুক্তরাজ্যের দ্বৈত নাগরিকত্ব বাতিলের প্রমাণপত্র না থাকায় তার মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। সিলেট-২ আসনে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত নথিতে অসঙ্গতির কারণে স্বতন্ত্র প্রার্থী আবরার ইলিয়াস ও আব্দুস শহীদের মনোনয়ন বাতিল করা হয়েছে। সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালিকের মনোনয়নপত্র দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্যের ঘাটতির কারণে স্থগিত রাখা হয়। একই আসনে স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা ও মাইনুল বাকরের মনোনয়নপত্র এক শতাংশ ভোটারের তথ্য ও স্বাক্ষরে গরমিল পাওয়ায় বাতিল করা হয়েছে। সিলেট-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা সাঈদ আহমদের মনোনয়নপত্র প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় বাতিল করা হয়। একই আসনে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমানের মনোনয়নপত্র দলীয় কাগজপত্রে অসঙ্গতির কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে। সিলেট-৫ আসনে ঋণ খেলাপির অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সাউফুদ্দিন খালেদের মনোনয়ন বাতিল করা হয়। সিলেট-৬ আসনে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদুর রহমানের মনোনয়নপত্র এবং আয়কর সংক্রান্ত জটিলতায় বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়নপত্র আপাতত স্থগিত রাখা হয়েছে। একই আসনে এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে দাখিল করা ৩৯ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাই শেষে ১৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে এবং ২৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, সুনামগঞ্জ-১ আসনে ৬ জনের মধ্যে ২ জন, সুনামগঞ্জ-২ আসনে ৭ জনের মধ্যে ১ জন, সুনামগঞ্জ-৩ আসনে ৯ জনের মধ্যে ৪ জন, সুনামগঞ্জ-৪ আসনে ৯ জনের মধ্যে ৩ জন এবং সুনামগঞ্জ-৫ আসনে ৮ জনের মধ্যে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে ৩১ জন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই শেষে ২৬ জনের মনোনয়ন বৈধ এবং ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল। মৌলভীবাজার-২ আসনে একজন, মৌলভীবাজার-৩ আসনে দুইজন এবং মৌলভীবাজার-৪ আসনে দুইজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে ২৯ জন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং ১৯ জনের মনোনয়ন বৈধ রয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। যাচাই-বাছাই শেষে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি একাধিক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত আসে।
নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়ন যাচাই-বাছাই শেষে আগামী ৫ জানুয়ারি থেকে আপিল গ্রহণ শুরু হবে, যা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।


শুভ প্রতিদিন/এমকে