দেশের প্রথম আঞ্চলিক অফিস চালু করলো বিসিবি, সিলেট থেকে যাত্রা শুরু
প্রকাশিত: ০৪/০১/২০২৬ ১২:৩৫:২৪ অপরাহ্ন
ছবি: ।
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপিত হলো সিলেটে। দেশের প্রথম আঞ্চলিক অফিস হিসেবে সিলেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আঞ্চলিক কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে ঢাকার বাইরে বিসিবির প্রথম কার্যালয় উদ্বোধন হলো। গতকাল শনিবার বিকেলে সিলেটের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে আঞ্চলিক কার্যালয়ের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি মো. আমিনুল ইসলাম। তিনি আঞ্চলিক ক্রিকেট সেন্টারের ভিশন ও কৌশলগত রূপরেখা তুলে ধরে বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে তরুণ ক্রিকেটারদের জন্য একটি শক্তিশালী পাইপলাইন তৈরি করাই বিসিবির মূল লক্ষ্য। এর জন্য কাঠামোবদ্ধ প্রশিক্ষণ কর্মসূচি, উন্নত সুযোগ-সুবিধা এবং তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণের ওপর গুরুত্ব দেওয়া হবে। অনুষ্ঠানে বিসিবির সিলেট অঞ্চলের পরিচালক রাহাত শামস ‘গ্রাসরুটস টু গ্রেটনেস’ শীর্ষক বক্তব্যে বলেন, আঞ্চলিক কেন্দ্রগুলো বিকেন্দ্রীকৃত ও অন্তর্ভুক্তিমূলক ক্রিকেট উন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ জাতীয় দলের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিলেটসহ পুরো অঞ্চলের তৃণমূল ক্রিকেটকে শক্তিশালী করতে এই কেন্দ্র কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন। এসময় স্থানীয় ক্রীড়া সংগঠক ও সিলেটভিত্তিক কর্মকর্তারা আঞ্চলিক ক্রিকেট সেন্টারের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং সিলেট অঞ্চলে ক্রিকেট উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শুভ প্রতিদিন/এমকে