বাংলাদেশ ধীরে ধীরে নির্বাচনের পথেই এগোচ্ছে : মির্জা ফখরুল
প্রকাশিত: ০৫/০১/২০২৬ ১২:১০:২৫ অপরাহ্ন
ছবি: ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়মতো নির্বাচনের ঘোষণায় জনগণের মধ্যে আশার সঞ্চার হয়েছে। নানা অনিশ্চয়তার কথা বলা হলেও বাস্তবতা হলো-বাংলাদেশ ধীরে ধীরে নির্বাচনের পথেই এগোচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মনোনয়ন যাচাই-বাছাই শেষ হয়েছে, সামনে প্রতীক বরাদ্দের পরই পূর্ণোদ্যমে নির্বাচনী প্রচারণা শুরু হবে।
রোববার (৪ জানুয়ারি) রাতে সিলেটের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচন শুধু বিএনপির জন্য নয়, জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। গণতন্ত্রের পূর্বশর্ত হলো একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ ও সরকার গঠন।
তিনি আরও বলেন, আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে সুশাসন থাকবে, ন্যায়বিচার থাকবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে এবং গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে। গত ১৫ বছরে এসব অধিকার পুরোপুরি হরণ করা হয়েছিল। এখন আবার সেই সুযোগ এসেছে।
সম্প্রতি দেশে মব ভায়োলেন্স ও ‘মব ডেমোক্রেসি’র প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, এ ধরনের সংস্কৃতি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। এখান থেকে সবাইকে সচেতনভাবে বেরিয়ে আসতে হবে। সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই এর প্রতিরোধ সম্ভব।
নির্বাচনের পরিবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে নির্বাচনের পরিস্থিতি আশাব্যঞ্জক। যেসব দল আগে নির্বাচন নিয়ে আপত্তি তুলেছিল, তারাও এখন নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিচ্ছে। ফলে বড় ধরনের বাধাগুলো অনেকটাই কেটে গেছে।
বিএনপি নির্বাচনে কোনো বড় আশঙ্কা করছে কি না-এমন প্রশ্নে তিনি বলেন, দল হিসেবে আমরা কখনোই নির্বাচন নিয়ে আতঙ্কিত ছিলাম না। শুরু থেকেই আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়েছি এবং বিশ্বাস করি নির্ধারিত সময়েই নির্বাচন হবে।
বিএনপি বিভিন্ন আসনে একাধিক প্রার্থী দেওয়ার বিষয়ে তিনি জানান, কিছু জায়গায় কাগজপত্র বা ব্যাংক ক্লিয়ারেন্সজনিত জটিলতার আশঙ্কা থাকায় বিকল্প প্রার্থী রাখা হয়েছে।
বিএনপি প্রার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, প্রার্থীরা নিজেরা সচেতন রয়েছেন। আমরা আশা করি এ ধরনের সহিংস ঘটনা আর ঘটবে না।
শেষে তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে বলেন, তিনি শুধু বিএনপির নেত্রী ছিলেন না, ছিলেন সমগ্র বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। সেই স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য।
তিনি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন, সবাই মিলে এই সুযোগকে কাজে লাগাই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সংসদ গড়ে তুলি।
শুভ প্রতিদিন/এমকে