দুয়েকদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান: মির্জা ফখরুল
প্রকাশিত: ০৫/০১/২০২৬ ১২:১২:১৮ অপরাহ্ন
ছবি: ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন-দুয়েক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান। রোববার (৪ জানুয়ারি) সিলেটের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের চেয়ারপারসনের মৃত্যুতে এই পদটি শূন্য রয়েছে। তার শুন্যতা পূরণে তারেক রহমানকেই এই পদে বসানো হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বরাবরের মতো সিলেট থেকেই এবারও নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি।
তিনি বলেন, এই নির্বাচন জাতির জন্য এজন্য গুরুত্বপূর্ণ যে মানুষ তাঁর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। নির্বাচন নিয়ে মিডিয়া আশংকার কথা বললেও দল হিসেবে বিএনপি শঙ্কা বোধ করে না। প্রথম থেকেই নির্বাচন চেয়েছে বিএনপি- বলেন তিনি।
নির্বাচন নিয়ে আশাবাদী জানিয়ে তিনি বলেন, নির্বাচন তার পথে এগিয়ে চলছে। সবার সহযোগিতায় কমিশন নির্বাচন বাস্তবায়ন করবে।
গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন বেগম খালেদা জিয়া। আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ ছিল খালেদা জিয়ার স্বপ্ন, সেটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে তিনি বলেন, যে সুযোগ পেয়েছি তা কাজে লাগাই। আজকে সুযোগ এসেছে। এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না। গণতান্ত্রিক সংসদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল।
শুভ প্রতিদিন/এমকে