প্রকাশিত

০৫/০১/২০২৬ ১২:১৩:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সম্পদ ও আয়ে শীর্ষে মাওলানা হাবিবুর, মামলায় এগিয়ে সেলিম

প্রকাশিত: ০৫/০১/২০২৬ ১২:১৩:০০ অপরাহ্ন

ছবি: ।

সিলেটের ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা। দাখিল করা হলফনামা বিশ্লেষণে দেখা যায় প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদের মালিক সিলেট-৩ আসনের প্রার্থী লোকমান আহমদ, তাঁর ঘোষিত স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকার বেশি। অন্যদিকে সবচেয়ে বেশি বার্ষিক আয় দেখিয়েছেন সিলেট-১ আসনের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, তাঁর আয় ২০ লাখ ৫২ হাজার টাকার বেশি। মামলার দিক থেকে সবচেয়ে এগিয়ে সিলেট-৬ আসনের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তার বিরুদ্ধে রয়েছে ৪৩টি নিষ্পত্তিকৃত মামলা ও ১টি চলমান মামলা, যা ছয় আসনের মধ্যে সর্বোচ্চ।
হলফনামা বিশ্লেষণে দেখা যায়, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান শিক্ষাগত যোগ্যতায় কামিল। তাঁর বিরুদ্ধে বর্তমানে কোনো চলমান মামলা নেই, তবে ১টি মামলা নিষ্পত্তি হয়েছে। পেশায় তিনি ব্যবসায়ী। হলফনামা অনুযায়ী তাঁর বার্ষিক আয় ২০ লাখ ৫২ হাজার ২৮০ টাকা, তবে তাঁর স্ত্রীর কোনো আয় নেই। অস্থাবর ও স্থাবর সম্পদ মিলিয়ে তাঁর ঘোষিত মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৭৪ লাখ টাকা।
সিলেট-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল হান্নান শিক্ষাগত যোগ্যতায় এম.কম ডিগ্রিধারী। পেশায় তিনি ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে কোনো চলমান মামলা নেই, তবে ১টি মামলা ছিল তা নিষ্পত্তি হয়েছে। হলফনামা অনুযায়ী তাঁর বার্ষিক আয় ৯ লাখ ৫৪ হাজার টাকা। অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮২ লাখ ৩৫ হাজার ৬১১ টাকা এবং স্থাবর সম্পত্তি রয়েছে ৭৮ লাখ ৭ হাজার ৩৭৮ টাকা। তাঁর নামে কোনো ঋণ নেই।
সিলেট-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী লোকমান আহমদ শিক্ষাগত যোগ্যতায় কামিল। পেশায় তিনি ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে বর্তমানে ৩টি মামলা চলমান ও ইতোমধ্যেই ১০টি মামলা নিষ্পত্তি হয়েছে। হলফনামা অনুযায়ী তাঁর বার্ষিক আয় ৫ লাখ টাকা। অস্থাবর সম্পত্তির পরিমাণ ২১ লাখ টাকা এবং স্থাবর সম্পত্তি রয়েছে ১ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ১৯২ টাকা। সব মিলিয়ে তিনি ছয় আসনের মধ্যে সবচেয়ে বেশি সম্পদের মালিক।
সিলেট-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. জয়নাল আবেদীন শিক্ষাগত যোগ্যতায় এমএসএস ডিগ্রিধারী। পেশায় তিনি ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে কোনো চলমান মামলা নেই, তবে ৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। ব্যবসা থেকে তাঁর বার্ষিক আয় ৫ লাখ ৩৫ হাজার টাকা। হলফনামা অনুযায়ী তাঁর ঘোষিত মোট সম্পদের পরিমাণ ১ কোটি ২৯ লাখ ২২ হাজার ৮৭৯ টাকা।
সিলেট-৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হাফিজ মো. আনওয়ার হোসাইন খান শিক্ষাগত যোগ্যতায় কামিল। পেশায় তিনি ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে কোনো চলমান মামলা নেই, তবে ২২টি মামলা নিষ্পত্তি হয়েছে। ব্যবসা থেকে তাঁর বার্ষিক আয় ৪ লাখ ৫২ হাজার ৮৭০ টাকা। হলফনামা অনুযায়ী তাঁর মোট সম্পদের পরিমাণ ২৪ লাখ ৫২ হাজার ৮৭০ টাকা।
সিলেট-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন শিক্ষাগত যোগ্যতায় এমএ ডিগ্রিধারী এবং পেশায় ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে বর্তমানে ১টি মামলা চলমান এবং ৪৩টি মামলা নিষ্পত্তি হয়েছে, যা এই ছয় আসনের প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ। হলফনামা অনুযায়ী তাঁর বার্ষিক আয় ৭ লাখ টাকা এবং ঘোষিত মোট সম্পদের পরিমাণ ৫৫ লাখ ২৬ হাজার ৪০০ টাকা।


শুভ প্রতিদিন/এমকে